
ধর্মীয় মূল্যবোধ ও মানবিক সমাজ গঠনে মসজিদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ণ

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়ায় অংশ নেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম
ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
তিনি বলেছেন, মসজিদ কেবল নামাজ আদায়ের স্থান নয়; বরং এটি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা চর্চা, সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম কেন্দ্র। মসজিদকে ঘিরে মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেকী মণ্ডলপাড়া বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি সুন্দর ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি। মসজিদ সেই মূল্যবোধ গড়ে তোলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে মানুষ ইবাদত-বন্দেগির পাশাপাশি ধর্মীয় অনুশাসন, শৃঙ্খলা, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা লাভ করে। নতুন এই মসজিদটি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও উন্নয়নকে মহৎ কাজ হিসেবে উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আরও সুন্দর ও কার্যকর করে গড়ে তোলা সম্ভব। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভালো ও কল্যাণকর কাজে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই মসজিদ স্থানীয় মানুষের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করার পাশাপাশি সামাজিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এর সার্বিক কল্যাণ, নির্মাণকাজের সফল সমাপ্তি এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মসজিদ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ উপস্থিত মুসল্লিরা অংশ নেন।
এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।



















