শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

সেন্টমার্টিনে আটকা ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, খাবারের সংকট

reporter

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৬:৫২ অপরাহ্ণ


সেন্টমার্টিনে আটকা ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, খাবারের সংকট
বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী। তাঁদের মধ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৩১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন রয়েছেন।
 
আটকে পড়াদের মধ্যে জাবিপ্রবির এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁর হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হয়েছে। দ্বীপে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে দীর্ঘদিন আটকে থাকায় তাঁদের খাবারের বাজেটও প্রায় শেষ।
 
জাবিপ্রবির ৩১ জনের দলে দুই শিক্ষক ও ২৯ শিক্ষার্থী রয়েছেন। তাঁদের মধ্যে ১৩ জন নারী ও ১৬ জন পুরুষ। সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গত ১৭ নভেম্বর ব্যাচ ট্যুরে সেন্টমার্টিনে যান। ১৯ নভেম্বর ফেরার কথা থাকলেও জাহাজ চলাচল বন্ধ হওয়ায় তাঁরা আটকা পড়েন।
 
বিভাগের প্রভাষক হোসাইন মাহমুদ বলেন, বুধবার রাতে হঠাৎ বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধের খবর জানানো হয়। পরে শুক্রবারও জাহাজ চলাচল বন্ধ থাকার কথা জানানো হয়েছে। এতে তাঁরা বিপাকে পড়েছেন।
 
শিক্ষার্থী আমান উল্লাহ বলেন, তাঁদের একজন সহপাঠী দুর্ঘটনায় আহত হয়েছেন। অন্যদিকে খাবারের বাজেট প্রায় শেষ। আগামী ১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। এর আগে ফরম পূরণ করতে হবে। পাশাপাশি তাঁদের একাডেমিক ইন্টার্নশিপ চলমান থাকায় সেটিও বিলম্বিত হচ্ছে। সব মিলিয়ে তাঁরা উদ্বেগের মধ্যে রয়েছেন।
 
জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, দুই শিক্ষকসহ ৩১ জন আটকা পড়েছেন। তাঁদের একজন আহত হয়েছেন। আর্থিক সংকটও দেখা দিয়েছে। দ্রুত তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
 
সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শহিদুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ধরনের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা দ্বীপে নেই।
 
কোস্টগার্ড জানিয়েছে, আহত পর্যটককে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় স্থানান্তর ঝুঁকিপূর্ণ।
 
অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম বলেন, তাঁদের বিভাগের ৬৫ শিক্ষক-শিক্ষার্থীও দ্বীপে আটকা পড়েছেন। বৈরী আবহাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।
 
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, আটকে পড়া শিক্ষক-শিক্ষার্থীরা আর্থিক সংকটে পড়লে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তাঁদের খোঁজখবর নেওয়া হচ্ছে।
 
এদিকে আটকে পড়া শিক্ষার্থীদের পরীক্ষা ও একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা চেয়েছে জাবিপ্রবির সমাজকর্ম বিভাগ।
এমএসএম / এমএসএম

Link Copied