শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

চীবর উৎসর্গ করার মধ্যদিয়ে শেষ হলো রাজবন বিহারে ২দিনব্যাপী ৫০তম কঠিন চীবর দান উৎসব

reporter

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ণ


চীবর উৎসর্গ করার মধ্যদিয়ে শেষ হলো রাজবন বিহারে ২দিনব্যাপী ৫০তম কঠিন চীবর দান উৎসব

বিশ্ব শান্তি, বাংলাদেশের শান্তি, সম্প্রীতি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে চীবর উৎসর্গ করার মধ্যদিয়ে রাঙ্গামাটি রাজবন বিহারে শেষ হলো বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উৎসব।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে বেইন ঘরে সুতা কাটার মাধ্যমে চীবর বানানোর কাজ শুরু হয়। শুক্রবার (২০ নভেম্বর) বিকালে চীবর প্রদানের মাধ্যমে রাঙ্গামাটি রাজবন বিহারে ৫০তম কঠিন চীবর দানোৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। কঠিন চীবর দান উৎসবে তিন পার্বত্য জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ধর্মালম্বীরা যোগ দেয়।
২৪ ঘন্টার মধ্যে চীবর তৈরি করে শুক্রবার বিকালে রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবিরের হাতে তুলে দেন, সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি সংসদীয় আসনের এমপি দীপেন দেওয়ান। এর পর একে একে সবাই চীবর দান করেন। কঠিন চীবরটির সঙ্গে বুদ্ধমুর্তি দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দানসহ বিভিন্ন দানীয় সামগ্রী দান করবেন পুণ্যার্থীরা।
কঠিন চীবর দান উৎসবে ধর্মীয় দেশনা দেন, শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শিষ্য ও রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির।
এর আগে সকালে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার, রাঙ্গামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি, রাঙ্গামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে শুক্রবার সকাল থেকেই রাজবন বিহারে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানা দান কার্যক্রমে অংশ নেন পুণ্যার্থীরা ভক্তরা। বিকেল আড়াইটায় শুরু হয় প্রধান দানোৎসব-কঠিন চীবর দানানুষ্ঠান। আর ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা কঠিন চীবর দানে অংশগ্রহন করতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার পূণার্থী এই এই উৎসবে সমবেত হন। এছাড়া উৎসবে বেসামরিক প্রশাসনের কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ যোগ দেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই অনুষ্ঠান ঘিরে উৎসব মুখর হয়ে উঠেছে রাজবন বিহারের পুরো এলাকাসহ গোটা রাঙ্গামাটি শহর। উৎসবে যোগ দিতে রাজবন বিহারের বৃহস্পতিবার থেকে অগণিত পূণ্যার্থীর ঢল নামে। পূর্ণ্যময় অনুষ্ঠানে যোগ দিতে সড়ক ও নৌপথে তিন পার্বত্য জেলার বিভিন্ন পাহাড়ী গ্রাম ও জনপদ থেকে হাজার হাজার সদ্ধর্মপ্রাণ নারী-পুরুষ সমবেত হয়। আর রাতে রাজবন বিহারে ফানুষ উড়িয়ে শেষ হবে রাজবন বিহারে বৌদ্ধ ধর্মাবলন্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দান উৎসব।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে বেইন ঘর উদ্বোধন ও চরকায় সুতা কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দুই দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিকতা। রাতভর তুলা থেকে সুতা তৈরি, রং করা ও শুকানোর পর ভোর থেকে শুরু হয় চীবর বোনার কাজ। রাজবন বিহারে প্রায় দুই শতাধিক বেইন ও দেড় শতাধিক চরকার সাহায্যে হাজারো দায়ক-দায়িকা এই চীবর তৈরির পুণ্যকর্মে অংশ নেন।
শুক্রবার দুপুরে ভিক্ষু সংঘকে চীবর দানের মধ্যদিয়ে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় তীর্থস্থান রাজবন বিহারে ৫০তম কঠিন চীবর দানোৎসবের সমাপ্তি ঘটে। এ বছর ভারতের মহারাষ্ট্র থেকে ২০ জন বিদেশি সহ বহু পুণ্যার্থী অংশ নিয়েছেন এই মহাদানোৎসবে।
প্রসঙ্গত, বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাবাসের শেষদিনে প্রবারণা পূর্ণিমা পালনের পর দিন থেকে দীর্ঘ এক মাস ধরে বিভিন্ন বৌদ্ধ বিহারে মাসব্যাপী ধারাবাহিকভাবে চলে কঠিন চীবর দান উৎসব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের সময় বিশাখা নামে এক উপাসিকা ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে সে কাপড় বুদ্ধকে দান করেন। এজন্য এ দানকে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়। তারই অনুকরণে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কঠিন চীবর দানোৎসব পালন করে আসছেন। ১৯৭৬ সাল থেকে প্রতি বছর রাঙ্গামাটি রাজবন বিহারে অনুষ্ঠিত হয়ে আসছে এই কঠিন চীবর দান উৎসব।

এমএসএম / এমএসএম

Link Copied