
নজরুল বর্ষে বইমেলা ২০২৭-এ আসছে জনপ্রিয় লেখক শাম্মী তুলতুলের ‘ছোটদের নজরুল’
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬’কে সামনে রেখে অমর একুশে বইমেলা ২০২৭-এ প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় লেখক, কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন বই ‘ছোটদের নজরুল’।
বইটির আনুষ্ঠানিক প্রচ্ছদ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ‘বইপত্র প্রকাশন’ থেকে বইটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
শাম্মী তুলতুল বড়দের সাহিত্যের পাশাপাশি শিশুসাহিত্যেও নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন। দেশের প্রথম সারির বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখির মাধ্যমে তিনি পাঠকমহলে পরিচিতি অর্জন করেছেন। বাংলাদেশ ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে ভারতেও তাঁর লেখালেখি প্রশংসিত ও জনপ্রিয়তা পেয়েছে।
চট্টগ্রাম শহরে জন্ম নেওয়া এই লেখকের বাংলাদেশ ও ভারত মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।
নতুন বই প্রসঙ্গে শাম্মী তুলতুল বলেন, “তথ্যভিত্তিক বই লেখা বেশ পরিশ্রমের কাজ। আর শিশুদের জন্য বই লেখার ক্ষেত্রে আরও বেশি যত্ন ও সতর্কতা অবলম্বন করতে হয়। নজরুলকে নিয়ে এটি আমার দ্বিতীয় বই। সবকিছু অনুকূলে থাকলে আগামী অমর একুশে বইমেলা ২০২৭-এ বইটি প্রকাশিত হবে।”
তিনি আরও বলেন, “আমার নতুন প্রকাশক মাহবুবুর রহমান বাবু ভাইয়ের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি আমাকে বিশেষ সুযোগ দিয়েছেন।”
কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের কাছে সহজভাবে তুলে ধরার প্রত্যাশা নিয়ে লেখা ‘ছোটদের নজরুল’ বইটি শিশু-কিশোর পাঠকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।





















