
শিক্ষক অদ্বৈত সরকারের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও বিচারের দাবিতে খালিয়াজুরীতে মানববন্ধন
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ

মানব বন্ধনের ছবি
মানববন্ধন
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অদ্বৈত সরকার আদিত্য (৫৫)-এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে খালিয়াজুরী প্রধান শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি হিমাংশু সরকার, সহকারী শিক্ষক সমিতির সভাপতি দীপেন্দ্র পুরকায়স্থ, নিহতের ভাই সমীরণ সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা অদ্বৈত সরকারের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে নিহতের ভাই সমীরণ সরকার বলেন, তাঁর ভাইয়ের মৃত্যুর রহস্য দ্রুত উদ্ঘাটন করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এমন ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর অদ্বৈত সরকারের ছেলে তন্ময় সরকার তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে বাবার নিখোঁজের বিষয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি জানান, শাল্লা উপজেলার সাতপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে আগের দিন রাত আনুমানিক ১১টার পর থেকে তাঁর বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন।
নিখোঁজের প্রায় এক দিন পর বৃহস্পতিবার সকালে সুরমা নদীতে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শিক্ষকের মৃত্যুর ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া তাঁর মৃত্যু স্বাভাবিক, নাকি অস্বাভাবিক—তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। প্রতিবেদন পাওয়ার পর পরিবারের পক্ষ থেকে মামলা করা যাবে। তবে বাদী পক্ষ মামলা না করলেও এ ধরনের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















