মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

সাইবার সুরক্ষা আইনের খসড়ায় সাংবাদিকদের সুরক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতায় গুরুত্ব

reporter

মোঃ লিটন সরকার

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ণ


সাইবার সুরক্ষা আইনের খসড়ায় সাংবাদিকদের সুরক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতায় গুরুত্ব

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা আইন সংশোধন নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা।

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬-এর খসড়া চূড়ান্ত করার আগে সাংবাদিকদের সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন উন্নয়ন সহযোগীরা। এ লক্ষ্যে আয়োজিত এক পরামর্শ সভায় খসড়ার বিভিন্ন ধারা পর্যালোচনা করে গুজব, অপতথ্য ও মানহানিসংক্রান্ত বিধান আরও সুনির্দিষ্ট করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে মানহানির ক্ষেত্রে অ-ফৌজদারি প্রতিকারের বিষয়টি বিবেচনার পরামর্শ দিয়েছেন তাঁরা।

সোমবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কূটনৈতিক মিশনের প্রধান ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের সঙ্গে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে সভায় আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ফকির মাহবুব আনাম বলেন, নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও আন্তর্জাতিক মানদণ্ড সমুন্নত রেখে দেশের সাইবার নিরাপত্তা আইন কাঠামো শক্তিশালী করতে চায় সরকার।

তিনি বলেন, দেশের অর্থনীতি ও সরকারি সেবা দ্রুত ডিজিটালাইজড হচ্ছে। একই সঙ্গে বাড়ছে সাইবার হুমকির পরিসর ও জটিলতা। অতীতে আইন প্রণয়নের কিছু প্রক্রিয়া দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল। বর্তমান সরকার সেই উদ্বেগ দূর করে স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক স্বাধীনতার মধ্যে সঠিক ভারসাম্য প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবার মতামত প্রয়োজন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সরকার কোনো জটিল বা অস্বচ্ছ প্রক্রিয়া চায় না। যেসব বিষয় সহজ ও স্বচ্ছভাবে সমাধান করা সম্ভব, সেগুলো সেভাবেই করা হচ্ছে। বাণিজ্যিক স্বার্থ বা অন্য কোনো প্রভাব যেন আইন প্রণয়নের প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। প্রযুক্তির অপব্যবহার রোধে এ সংশোধন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

নাগরিক অধিকার সুরক্ষায় সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে অপব্যবহার রোধে সুপ্রিম কোর্টের বিচারিক পর্যালোচনাসহ পর্যাপ্ত প্রতিকার ব্যবস্থা রয়েছে। মানবাধিকার কমিশনের স্বাধীন তদারকির ভূমিকা অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট কমিটির বাইরে রাখা হয়েছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা শুধু বাংলাদেশের জাতীয় বিষয় নয়, এটি বৈশ্বিক চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে চায় সরকার।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সাইবার অপরাধ বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত ও আর্থিক তথ্যের সুরক্ষা এবং ডিজিটাল অবকাঠামোকে সমন্বিতভাবে শক্তিশালী করতে হবে। আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণ করে বেসরকারি খাত, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের মতামত নিয়ে সরকার কাজ করছে।

সভায় যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। সরকারের উন্মুক্ত পরামর্শ প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে তাঁরা বলেন, কার্যকর সাইবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করাও সম্ভব।

খসড়ায় সাংবাদিকদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতির বিধানসহ ইতিবাচক পরিবর্তনগুলোর প্রশংসা করেন উন্নয়ন সহযোগীরা। একই সঙ্গে কনটেন্ট ব্লক করার ক্ষেত্রে ট্রাইব্যুনালের অনুমোদন, স্বাধীন বিচারিক পর্যালোচনা, সব ধরনের সাংবাদিকের সুরক্ষা, সংবাদসূত্রের গোপনীয়তা এবং সৎ বিশ্বাসে সাংবাদিকতা করার ক্ষেত্রে আইনি সুরক্ষার ওপর গুরুত্ব দেন তাঁরা।

সভায় মানহানি, হেয় প্রতিপন্ন ও সাইবার বুলিংয়ের বিষয়গুলো পৃথকভাবে বিবেচনা করে সংশ্লিষ্ট ধারাগুলো পুনর্বিন্যাসের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাইবার স্পেসের সংজ্ঞা আরও সুনির্দিষ্ট করার বিষয়েও মতামত উঠে আসে।

সভায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬-এর খসড়া উপস্থাপন করেন।

এ সময় আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোঃ লিটন সরকার / এমএসএম

Link Copied