মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

গোপালগঞ্জে চিকিৎসকের ওপর হামলা, ড্যাবের তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

reporter

কাজী জাকির হোসেন

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ণ


গোপালগঞ্জে চিকিৎসকের ওপর হামলা, ড্যাবের তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

গোপালগঞ্জে চিকিৎসকের ওপর একদল দুর্বৃত্তের হামলা ও হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. অসীম কুমার ধরের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। একপর্যায়ে ওই দলের একজন চিকিৎসককে থাপ্পড় মারেন এবং চেয়ার দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করেন। এ সময় দুর্বৃত্তরা হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালিয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসাসামগ্রীর ক্ষতিসাধন করে।
এ ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দীপু এক যৌথ বিবৃতিতে , চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত একজন চিকিৎসক কর্তব্যরত অবস্থায় আক্রান্ত হওয়া শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি সমগ্র চিকিৎসক সমাজ ও স্বাস্থ্যব্যবস্থার ওপর আঘাত।
তারা বলেন, হাসপাতালের জরুরি বিভাগের মতো স্পর্শকাতর স্থানে এ ধরনের সহিংসতা সম্পূর্ণ অমানবিক, বেআইনি ও অগ্রহণযোগ্য। চিকিৎসক ও চিকিৎসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত হলে রোগীদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। এর চূড়ান্ত ক্ষতির শিকার হন সাধারণ রোগী ও তাঁদের স্বজনেরা।
ড্যাব নেতারা আরও বলেন, কোনো অভিযোগ বা ক্ষোভ থাকলে তা নিরসনের জন্য আইনসম্মত ও শান্তিপূর্ণ পথ রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।
বিবৃতিতে অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
একই সঙ্গে দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্যপ্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান ড্যাব নেতারা। পাশাপাশি অবিলম্বে ড্যাব প্রস্তাবিত ‘স্বাস্থ্য সুরক্ষা’ আইন বাস্তবায়নেরও জোর দাবি জানান তারা।

aliul / aliul

Link Copied