
শিক্ষানবিশি থেকে কর্মসংস্থান: FIVDB-RAISE প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও চাকরিদাতাদের সঙ্গে মতবিনিময়
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০২:১৯ অপরাহ্ণ

তরুণদের দক্ষতা উন্নয়ন ও টেকসই কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ফ্রেন্ডস্ ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB)-এর RAISE প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রম পরিদর্শন এবং চাকরিদাতা ও মাস্টার ক্রাফটস পার্সনদের (MCP) সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) একটি প্রতিনিধিদল RAISE প্রকল্পের ২০২৫-২০২৬ অর্থবছরের শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষানবিশদের জব প্লেসমেন্ট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের নতুন শিক্ষানবিশি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাঁরা বিভিন্ন ট্রেডে শিক্ষানবিশদের হাতে-কলমে কাজ শেখার পরিবেশ, কর্মদক্ষতা এবং কর্মক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োগ প্রত্যক্ষ করেন। পাশাপাশি শিক্ষানবিশদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাঁদের প্রশিক্ষণকালীন অভিজ্ঞতা, অর্জিত দক্ষতা, কর্মপরিবেশ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পিকেএসএফের সিনিয়র উপ-প্রকল্প সমন্বয়কারী জনাব গোলাম জিলানী, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জনাব মো. জহিরুল ইসলাম ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জনাব মো. দেওয়ান জিন্নাহ উপস্থিত ছিলেন। এ ছাড়া FIVDB-এর সহযোগী নির্বাহী পরিচালক রুহেল কবির, RAISE প্রকল্পের ফোকাল পার্সন জনাব আরিফুল ইসলাম, ফিল্ড কো-অর্ডিনেটর জনাব আব্দুর রব, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার জনাব নাবিলা নুজহাত হাই এবং অ্যাকাউন্টস অ্যান্ড এমআইএস অফিসার জনাব শাহ হিসাম আহমেদ পরিদর্শন কার্যক্রমে অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে পিকেএসএফের সিনিয়র উপ-প্রকল্প সমন্বয়কারী জনাব গোলাম জিলানী শিক্ষানবিশদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের অর্জিত দক্ষতা ও কর্মক্ষেত্রে সম্পৃক্ততার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, “বর্তমান শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের বিকল্প নেই। তরুণদের এমনভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে, যেন তাঁরা অর্জিত জ্ঞান ও দক্ষতা সরাসরি কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। RAISE প্রকল্পের শিক্ষানবিশি মডেল এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখছে। প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সংযোগ প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষ ও উৎপাদনশীল জনশক্তি গড়ে তোলা সম্ভব।”
এর ধারাবাহিকতায় ২২ নভেম্বর (রবিবার) সিলেটের খাদিমনগরস্থ FIVDB-এর সুরমাগেট কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে RAISE প্রকল্পের বিভিন্ন ট্রেডের মাস্টার ক্রাফটস পার্সন, সিলেট চেম্বার অফ কমার্স ও সিলেট উইম্যান’স চেম্বার অফ কমার্সের বিভিন্ন সদস্য এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ মোট ১৩ জন চাকরিদাতার সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষানবিশি কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা, কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থান এবং প্রশিক্ষণ-পরবর্তী কর্মজীবনে তাঁদের সম্পৃক্ততার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জনাব মো. জহিরুল ইসলাম বলেন, শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরি করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। শিক্ষানবিশি মডেলে বাস্তব কর্মপরিবেশে কাজ শেখার সুযোগ তরুণদের পেশাগত আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বাড়াতে সহায়তা করে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের কর্মজীবনে এগিয়ে যাওয়ার পাশাপাশি দায়িত্বশীল ও দক্ষ কর্মী হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন FIVDB-এর সহযোগী নির্বাহী পরিচালক রুহেল কবির। তিনি বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, চাকরিদাতা এবং অভিজ্ঞ কারিগরদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। RAISE প্রকল্পের মাধ্যমে তরুণদের হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি কর্মক্ষেত্রের সঙ্গে সংযোগ স্থাপনের যে সুযোগ তৈরি হয়েছে, তা আরও কার্যকর ও টেকসই করতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। তিনি চাকরিদাতা ও MCP-দের সঙ্গে পারস্পরিক সমন্বয় জোরদার করে শিক্ষানবিশদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির আহ্বান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের অন্তর্ভুক্ত জকিগঞ্জ রোড আঞ্চলিক শাখার সহ-সম্পাদক এবং আপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী জনাব আব্দুল মালিক আপন। তিনি কর্মক্ষেত্রে শিক্ষানবিশদের প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন এবং দক্ষতা অর্জনের পাশাপাশি কাজের প্রতি নিষ্ঠা, ধৈর্য, সময়ানুবর্তিতা ও পেশাগত দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপস্থিত অন্যান্য চাকরিদাতা ও MCP-রাও নিজ নিজ ট্রেডের অভিজ্ঞতা, দক্ষ জনবলের চাহিদা, শিক্ষানবিশদের কাজ শেখানোর ক্ষেত্রে সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানে সম্পৃক্ত করার বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সিলেট বিভাগের ২০২৩-২০২৪ সালের শ্রেষ্ঠ জয়ীতা পদকপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট ও প্রশিক্ষক এবং অঙ্গরূপা বিউটি পার্লার এন্ড বুটিকসের স্বত্বাধিকারী জনাব আছমা কামালী শান্তা বলেন, “শিক্ষানবিশি কার্যক্রমের মাধ্যমে বেকার ও পিছিয়ে পড়া তরুণীরা হাতে-কলমে দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে উঠছে। এ ধরনের উদ্যোগ তাদের আত্মকর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে।”
সভায় অংশগ্রহণকারীরা কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয় বৃদ্ধি, শিক্ষানবিশদের ব্যবহারিক দক্ষতা ও পেশাগত আচরণ উন্নয়ন এবং চাকরিদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, অভিজ্ঞ কারিগরদের তত্ত্বাবধানে বাস্তব কর্মপরিবেশে প্রশিক্ষণের সুযোগ তরুণদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখে।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, RAISE প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রম সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের উপযুক্ত কর্মসংস্থান ও চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে একটি এমপ্লয়ার্স কমিটি (Employers Committee) গঠন করা হবে। এ কমিটিতে RAISE প্রকল্পের বিভিন্ন ট্রেডের সংশ্লিষ্ট উদ্যোক্তা, ব্যবসায়ী ও চাকরিদাতারা সম্পৃক্ত থাকবেন। কমিটি শিক্ষানবিশদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের বেকারত্ব নিরসনে সমন্বিতভাবে কাজ করবে।
উল্লেখ্য, পিকেএসএফ ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত RAISE প্রকল্প অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমে ওস্তাদ-সাগরেদ মডেলের আধুনিকায়নের মাধ্যমে অভিজ্ঞ কারিগরদের তত্ত্বাবধানে তরুণ-তরুণীরা হাতে-কলমে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের উপযোগী হয়ে ওঠার সুযোগ পাচ্ছেন।






















