মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

শহীদ সাজিদ এর নামে হলের নামকরণ ও বিচারের দাবিতে ইবিতে মানববন্ধন

reporter

আল আবির রায়হান

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ণ


শহীদ সাজিদ এর নামে হলের নামকরণ ও বিচারের দাবিতে ইবিতে মানববন্ধন

​ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনির্মিত ১০ তলা আবাসিক হলের নামকরণ ‘শহীদ সাজিদ আব্দুল্লাহ হল’ করার দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাঈল হোসেন রাহাত, শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান ও সদস্যসচিব ইফতেহার উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

​মানববন্ধনে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিহত আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর নামে হলটির নামকরণের দাবি জানান। কর্মসূচি শেষে প্রক্টরের কার্যালয়ে গিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বরাবর চার দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

​স্মারকলিপিতে উল্লিখিত চারটি দাবি হলো—শহীদ আবরার ফাহাদ হলের পাশে নির্মাণাধীন ১০ তলা হলটির নাম ‘শহীদ সাজিদ আব্দুল্লাহ হল’ রাখা; সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ; বিচারপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের নিয়মিত অবহিত করা ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রশাসনিক তৎপরতা অব্যাহত রাখা এবং প্রধানমন্ত্রীর ইবি সফর উপলক্ষে সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের দাবিটি যথাযথভাবে তাঁর কাছে উপস্থাপন করা।

​মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলনের শাখা সভাপতি ইসমাঈল হোসেন রাহাত বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মূল দাবি হলো সাজিদ আব্দুল্লাহ হত্যার দ্রুত বিচার এবং তাঁর নামে একটি হলের নামকরণ। হলের নাম তাঁর নামে হলে তাঁর স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরস্মরণীয় থাকবে এবং প্রশাসনকে শিক্ষার্থীদের নিরাপত্তায় আরও দায়িত্বশীল হতে স্মরণ করিয়ে দেবে।” সাজিদ আব্দুল্লাহকে আধিপত্যবাদ ও সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানো শিল্পী এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা হিসেবে উল্লেখ করে তিনি এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

​শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক চললেও প্রতিষ্ঠাবার্ষিকীসহ বিভিন্ন আয়োজনে সাজিদ এবং নিহত শিক্ষিকা রুনা ম্যামকে স্মরণ করা হয় না। সাবেক উপাচার্য অধ্যাপক ড. নকীব নাসরুল্লাহর প্রশাসনের বিরুদ্ধে বিচারে তৎপরতা না দেখানোর অভিযোগ ছিল। বর্তমান উপাচার্য ও উপ-উপাচার্য একসময় বিচারের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছিলেন, অথচ দায়িত্ব নেওয়ার পর তাঁদের কাছ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।” এখনো পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় না আসা, পর্যাপ্ত আলোর অভাব ও বহিরাগতদের অবাধ যাতায়াত নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি হুঁশিয়ারি দেন, প্রশাসন সাজিদের নাম ভুলিয়ে দিতে চাইলেও শিক্ষার্থীরা ভুলবে না এবং প্রয়োজনে বিচারের দাবিতে আবারও রাজপথে নামবে।

​শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, “গত বছর আমরা বিশ্ববিদ্যালয়ের সকলের প্রিয় জুলাইযোদ্ধা শহীদ সাজিদ আব্দুল্লাহকে হারিয়েছি। মাত্র ১৭৫ একরের ছোট্ট ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে, আর সেই ব্যর্থতার কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। শিক্ষার্থীদের দাবির মুখে প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করার আশ্বাস দিলেও এক বছরেও হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি।” নির্মাণাধীন হলটির নাম ‘শহীদ সাজিদ আব্দুল্লাহ হল’ রাখার যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি রাষ্ট্রীয় তদন্তের মাধ্যমে দ্রুত জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

​উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে শহীদ সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ১৬ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে তাঁর মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়।

আল আবির রায়হান / এমএসএম

Link Copied