
সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ হলেন স্বপ্নের এমডি সাব্বির হাসান নাসির
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ণ

দেশের আধুনিক খুচরা বিক্রয় খাতের বিকাশ, ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং করপোরেট নেতৃত্বে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘সিইও–ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির। গত সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে তাঁর হাতে এই সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। দেশের ব্যবসা ও করপোরেট অঙ্গনে নেতৃত্ব, উদ্ভাবন ও উৎকর্ষের স্বীকৃতি হিসেবে তাঁকে এ মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এ সম্মাননা সাব্বির হাসান নাসিরের দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন, ধারাবাহিক ব্যবসায়িক সাফল্য এবং দেশের আধুনিক রিটেইল খাতকে সুসংগঠিত করার ক্ষেত্রে তাঁর অনন্য ভূমিকার স্বীকৃতি। তাঁর দূরদর্শী নেতৃত্বে এসিআই লজিস্টিকস লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান ‘স্বপ্ন’ দেশজুড়ে নিজেদের সেবার পরিধি সম্প্রসারণ করেছে। একই সঙ্গে সাধারণ ভোক্তা, স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক কৃষক এবং সরবরাহকারীদের মধ্যে একটি টেকসই ও পারস্পরিক কল্যাণমুখী সেতুবন্ধন তৈরিতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পুরস্কার অর্জনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাব্বির হাসান নাসির বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, সম্মানিত বিচারকমণ্ডলী ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পুরস্কারে একজন ব্যক্তির নাম লেখা থাকলেও এর পেছনে থাকে হাজারো মানুষের নীরব শ্রম, ত্যাগ, বিশ্বাস ও ভালোবাসা। এ গৌরবময় অর্জনের পেছনে স্বপ্ন পরিবারের নিবেদিতপ্রাণ কর্মী, সম্মানিত শেয়ারহোল্ডার, সরবরাহকারী, ফ্র্যাঞ্চাইজি, ব্যবসায়িক অংশীদার এবং অসংখ্য আস্থাশীল ক্রেতার অবদানের কথা তিনি বিশেষভাবে স্মরণ করেন। নিজের কর্মজীবনের শুরুর দিকের স্মৃতিচারণ করে তিনি জানান, ২০০৬ সালে অটবি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দেওয়ার সময় তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ সিইও। দীর্ঘ এই পথচলায় অর্জিত অভিজ্ঞতা তাঁকে করপোরেট নেতৃত্বে সম্মিলিত প্রচেষ্টা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব আরও গভীরভাবে উপলব্ধি করতে শিখিয়েছে।
সাব্বির হাসান নাসির মনে করেন, স্বপ্নের লক্ষ্য কেবল একটি বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা নয়; বরং একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখা। এ ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের মাধ্যমে জীবনমান উন্নয়ন এবং সমাজের উপেক্ষিত মানুষের সুপ্ত সম্ভাবনাকে বিকশিত করার ওপর তিনি সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। নেতৃত্বের নৈতিক মূল্যবোধ প্রসঙ্গে তিনি বলেন, সাফল্য যেন কখনো বিনয় কেড়ে না নেয়, ক্ষমতা যেন সহমর্মিতা কমিয়ে না দেয় এবং স্বীকৃতি যেন মানুষের সেবা করার আকাঙ্ক্ষাকে দুর্বল না করে—বিশেষ করে প্রতিকূল সময়ে মূল্যবোধ ও নৈতিকতার চর্চা অটুট রাখাই প্রকৃত নেতৃত্বের পরিচয়।






















