
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৬:১৭ অপরাহ্ণ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ১১২ কর্মী। তাদের নিয়ে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে।
এই ফ্লাইটের মাধ্যমে বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে।
বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডর (বোয়েসেল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সম্পূর্ণ বিনা খরচে এই কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে যাচ্ছেন, তাদের যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।
সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। এর আগে লটারির মাধ্যমে এস কর্মী বাছাই করা হয়। শূন্য অভিবাসন ব্যয়ে নিয়োগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এর মধ্য থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছিল।
কিন্তু দুদিনের সাক্ষাৎকারে নির্বাচিত ওই ৩০০ জনের মধ্যে কিছুসংখ্যক কর্মী অনুপস্থিত থাকেন। এ কারণে আগে নির্বাচিত ৩০০ জন বাদে অবশিষ্ট আবেদনকারীদের তালিকা থেকে লটারির মাধ্যমে নতুন আরও ৫০ জন কর্মীকে সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
তাদের মধ্য থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নিয়োগ দেবে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া।




















