
জিপিএফ থেকে কিন্ডারগার্টেন অনুমোদন বোয়ালিয়া প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষ-বাণিজ্যের অভিযোগ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ণ

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা প্রাথমিক শিক্ষা অফিসকে ঘিরে ব্যাপক অনিয়ম,দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলমান এসব অর্থ লেনদেনের অভিযোগের কেন্দ্রে রয়েছেন ওই কার্যালয়ের কম্পিউটার অপারেটর সোনিয়া রওশন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জিপিএফ (জেনারেল প্রভিডেন্ট ফান্ড) থেকে টাকা উত্তোলনের নথিপত্র তৈরি, বিদেশ গমনেচ্ছু শিক্ষকদের ভিসা আবেদনের কাগজপত্র প্রস্তুত, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদান এবং কিন্ডারগার্টেন স্কুলের পাঠদানের অনুমোদনসহ প্রায় প্রতিটি দাপ্তরিক সেবায় নির্ধারিত ফির বাইরে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী একাধিক সহকারী শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজস্ব সঞ্চয় বা জিপিএফের টাকা উত্তোলনের জন্য প্রয়োজনীয় নমুনা কপি ও ফাইল প্রস্তুত করতে কম্পিউটার অপারেটর সোনিয়া রওশনকে বাধ্যতামূলকভাবে অর্থ দিতে হয়। এমনকি ছুটিতে বিদেশ যাওয়ার জন্য ভিসা আবেদনের এনওসি বা প্রয়োজনীয় কাগজপত্র তৈরি এবং নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতেও অর্থ লেনদেন ছাড়া ফাইল নড়ে না। দাপ্তরিক প্রয়োজনে শিক্ষা অফিসে আসা শিক্ষকদের নানা অজুহাতে হয়রানি করে অর্থ আদায় করা হয় বলে অভিযোগকারীদের দাবি। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের যদি নিজ দপ্তরে নিয়মিত সরকারি সেবা পেতে ঘুষ দিতে হয়, তবে তা শিক্ষা প্রশাসনের জন্য চরম লজ্জাজনক ও উদ্বেগজনক বলে মনে করছেন সচেতন মহল।
অন্যদিকে, রাজশাহী মহানগরীর বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলগুলোর পাঠদানের অনুমোদন ও সংশ্লিষ্ট দাপ্তরিক কার্যক্রম নিয়েও ভয়াবহ অর্থ লেনদেনের তথ্য সামনে এসেছে। প্রাপ্ত তথ্যমতে, রাজশাহী মহানগরীতে বর্তমানে ৩৭৭টি কিন্ডারগার্টেন স্কুল পরিচালিত হচ্ছে, যার মধ্যে মাত্র ১৬৭টির নিবন্ধন রয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোর পাঠদানের অনুমোদন ও নবায়ন সংক্রান্ত কার্যক্রমে প্রতিষ্ঠানভেদে সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। শুধু অনুমোদনই নয়, কিন্ডারগার্টেনের শিক্ষক ও কর্মচারীদের বেতনের প্রত্যয়নপত্র সংগ্রহ করতেও প্রতিটি ফাইলের জন্য অতিরিক্ত অর্থ গুনতে হয়।
এ বিষয়ে রাজশাহী মহানগরীর একাধিক কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও কর্তৃপক্ষ ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি নিয়ম মেনে সব কাগজপত্র জমা দেওয়ার পরও মাসের পর মাস ফাইল আটকে রাখা হয়। পরবর্তীতে কম্পিউটার অপারেটর সোনিয়া রওশনের সঙ্গে যোগাযোগ করলে দাপ্তরিক খরচের কথা বলে ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হয়। টাকা না দিলে নানা ত্রুটি দেখিয়ে আবেদন বাতিল বা স্থগিত করে রাখা হয়। বাধ্য হয়ে প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকিয়ে রাখতে তাঁরা অর্থ দিতে বাধ্য হচ্ছেন বলে জানান কিন্ডারগার্টেন সংশ্লিষ্টরা।
অনুসন্ধানে কম্পিউটার অপারেটর সোনিয়া রওশনের অতীত কর্মকাণ্ড নিয়েও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা যায়, ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ফলাফল জালিয়াতির আলোচিত ঘটনায় দায়েরকৃত বিভাগীয় মামলায় বোয়ালিয়া থানার তৎকালীন শিক্ষা কর্মকর্তা রাখী চক্রবর্তীকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছিল। তবে একই অভিযোগের মামলায় জড়িত থাকার আলোচনা থাকলেও রহস্যজনকভাবে অব্যাহতি পেয়ে যান কম্পিউটার অপারেটর সোনিয়া রওশন। এরপর থেকেই তিনি একই কার্যালয়ে বহাল তবিয়তে থেকে নিজের প্রভাব বিস্তার করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে কম্পিউটার অপারেটর সোনিয়া রওশনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অর্থ লেনদেনের অভিযোগের সত্যতা ও দাপ্তরিক নিয়মের বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বোয়ালিয়া থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এ প্রসঙ্গে জানতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা ও আইসিটি (যুগ্ম সচিব) ড.চিত্রলেখা নাজনিন ও থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলামকে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ড.চিত্রলেখা নাজনিন নম্বরটি বন্ধ পাওয়া যায় ও মোঃ রবিউল ইসলাম ফোন রিসিভ করেননি।
তবে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন জানান,কম্পিউটার অপারেটর সোনিয়া রওশনের বিরুদ্ধে অর্থ লেনদেনের এমন কোনো সুনির্দিষ্ট অভিযোগ তাঁর জানা নেই। তবে তিনি স্পষ্টভাবে বলেন, শুধু সোনিয়া রওশন নন, জেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসের যে কারও বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি শিক্ষা অফিসে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সেবা পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব। বোয়ালিয়া থানা প্রাথমিক শিক্ষা অফিসে দাপ্তরিক কাজের নামে এই অর্থ লেনদেনের পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক ও সুশীল সমাজ।



















