
গ্রেড-২ পদোন্নতি পেলেন জুলাইয়ে শিক্ষার্থীকে পুলিশে দেওয়া জবির সাবেক প্রক্টর, শিক্ষার্থীদের ক্ষোভ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতাকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে পদোন্নতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।৷ উচ্চতর স্কেলের গ্রেড-২ এ পদোন্নতি দেয়া হয়েছে তাঁকে। এসময় উপাচার্য ফুলেল শুভেচ্ছা জানান তাকে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে ১১৩তম সিন্ডিকেট সভায় উচ্চতর স্কেলের গ্রেড-১ ও গ্রেড-২ প্রাপ্ত অধ্যাপকদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। এতে গ্রেড-১ পদোন্নতি পেয়েছেন দুইজন এবং গ্রেড-২ পেয়েছেন ১৪ জন অধ্যাপক। গ্রেড-২ উন্নীত শিক্ষকদের মধ্যে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
জাহাঙ্গীর হোসেন ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিযুক্ত ছিলেন। জুলাই আন্দোলনে অংশগ্রহণের জেরে বিশ্ববিদ্যালয়ের আলোচিত মুখ, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নূর নবীকে ১৯ জুলাই গোয়েন্দা পুলিশ( ডিবি) দিয়ে গ্রেপ্তার করান অধ্যাপক জাহাঙ্গীর হোসেন।
আন্দোলন চলাকালীন সময়ে ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালাবদ্ধ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল নিয়ে কেন্দ্রীয় কর্মসূচীতে যোগদানে বাঁধা প্রদান করেন তিনি।
এছাড়া, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ে তাঁর দায়িত্ব পালন এবং আওয়ামী লীগপন্থী শিক্ষক হিসেবে বেশ পরিচিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ও 'আওয়ামী দোসর'খ্যাত এই শিক্ষকের এমন পদোন্নতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অভিযোগগুলোর সুষ্ঠু নিষ্পত্তি ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত না করে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য ও অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী ফেরদৌস শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, "জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর গুলি ও গ্রেপ্তারের ঘটনায় প্রক্টর জাহাঙ্গীরের ভূমিকা আমরা ভুলিনি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পদোন্নতি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান স্পষ্ট করেছে। প্রশাসন তাঁর সঙ্গে সমঝোতা করলেও আমরা তাঁকে ছাড় দেব না। আমি ব্যক্তিগতভাবে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।"
ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শাখা ছাত্রদলের ১নং যুগ্ম-আহ্বায়ক সুমন সরদার বলেন, "আওয়ামী লীগের দোসরদের এমন পদোন্নতি হয়ে থাকলে তা আমাদের জন্য হৃদয়ের রক্তক্ষরণের মতো। জুলাইয়ে যারা গাদ্দারি করেছে, শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে এবং সহযোগিতা করেছে, তাদের বিষয়ে ছাত্রদলের অবস্থান জিরো টলারেন্স।"
প্রশাসন দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই ছাত্রনেতা।
প্রসঙ্গত, জকসুর জিএস ও জবি শিবিরের সভাপতি আরিফ বলেন," তিনি প্রক্টর থাকাকালে জুলাই আন্দোলনের সময় ক্যাম্পাসের সামনে থেকেই সমন্বয়ক নূর নবীকে গ্রেপ্তার করে গুম করা হয়। তখন তিনি বলেছিলেন, ‘আমার কিছু করার নাই।’ তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা দেননি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন লীগবিরোধী কর্মসূচি পালন করছে। কিন্তু বাস্তবে এই প্রশাসনের আমলেই আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক প্রক্টর জাহাঙ্গীর হোসেনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। "
এ বিষয়ে জানতে জবি উপাচার্যকে মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও পাওয়া যায়নি।























