বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

কমিউনিটিভিত্তিক শিক্ষা ও জনসচেতনতার মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে: নোবিপ্রবি উপাচার্য

reporter

মোহাম্মদ সেলিম, নোয়াখালী

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৫:৫১ অপরাহ্ণ


কমিউনিটিভিত্তিক শিক্ষা ও জনসচেতনতার মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে: নোবিপ্রবি উপাচার্য

কমিউনিটিভিত্তিক শিক্ষা, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাজধানীর ব্র্যাক সেন্টার ইন-এ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কমিউনিটি-ড্রিভেন প্ল্যানেটারি হেলথ এডুকেশন’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, মানুষের স্বাস্থ্য, প্রাণীজগত, পরিবেশ ও প্রতিবেশ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তাই সুস্থ ও টেকসই পৃথিবী গড়ে তুলতে হলে স্বাস্থ্যকে কেবল ব্যক্তিগত বা চিকিৎসাসেবার বিষয় হিসেবে বিবেচনা না করে সামগ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে।

এ ক্ষেত্রে কমিউনিটিভিত্তিক শিক্ষা ও জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। এক্ষেত্রে গবেষণালব্ধ জ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার মাধ্যমে প্ল্যানেটারি হেলথ বিষয়ে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিবর্তন আনা সম্ভব।

বক্তব্যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ, জীববৈচিত্র্যের অবক্ষয় ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের কেন্দ্র হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান উপাচার্য। একই সঙ্গে এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বিভিন্ন দেশের গবেষক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আয়োজনে এবং CATA-EARTH প্রকল্পের ব্যবস্থাপনায় এ আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত প্রকল্পের আওতায় আয়োজিত এ সিম্পোজিয়ামে কমিউনিটিভিত্তিক প্ল্যানেটারি হেলথ এডুকেশন, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষা এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এম/এস/এন

মোহাম্মদ সেলিম, নোয়াখালী: / এমএসএম

Link Copied