
বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৫:৫২ অপরাহ্ণ

প্রাণিসম্পদ রপ্তানিতে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ সপ্তাহ চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজা শামীমা আক্তার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম এবং বাঘা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবুল হাশেম ।
খামারিদের পক্ষে বক্তব্য দেন পোল্ট্রি খামারি শফিকুল ইসলাম এবং গবাদিপশু খামারি হাসানুজ্জামান ও জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় খামারিরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, ঘাস ও পচননাশক বিষের যথাযথ নিয়ন্ত্রণ না থাকায় খামারিরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব বিষের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা। পাশাপাশি গবাদিপশু ও পোল্ট্রির রোগ প্রতিরোধে সঠিক সময়ে টিকাদান নিশ্চিত করার আহ্বান জানান।
অন্যদিকে, ভোক্তাদের পক্ষ থেকে প্রাণিসম্পদ উৎপাদনে স্টেরয়েড জাতীয় ওষুধের ব্যবহার বন্ধের আহ্বান জানানো হয়। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের স্বাবলম্বী করা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ খাতের উৎপাদন ও গুণগত মান বাড়ানো গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ রপ্তানিরও সুযোগ তৈরি হবে।






















