
মহালছড়ির চোংড়াছড়িতে সিদ্ধিলাভী বন বিহারে ধর্মীয় পূণ্যঅনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ

প্রধান অতিথির বক্তব্যে
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি চিত্রকুমার কার্বারী পাড়ার সিদ্ধিলাভী বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দানসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সিদ্ধিলাভী বন বিহার পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩৪-এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সভাপতি নীলাপদ চাকমাসহ বিভিন্ন এলাকার দায়ক-দায়িকা, ধর্মপ্রাণ বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষ, সাংবাদিক, পুলিশ প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুসংঘের উদ্দেশ্যে সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দানসহ বিভিন্ন ধর্মীয় দান ও পূণ্যকর্ম সম্পাদন করা হয়। এ সময় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি, মঙ্গল এবং সকল প্রাণীর সুখ-শান্তি কামনা করা হয়।
বক্তারা বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতার চর্চার মাধ্যমে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা সম্ভব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চশীল চাকমা। আয়োজকরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সহযোগিতা করায় অতিথি, দায়ক-দায়িকা ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।






















