
বাউল নুনু গাজীকে সৈয়দ দুলালের হুমকি : কল রেকর্ড ফাঁস
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২২, ০৯:০৪ অপরাহ্ণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা নন্দিত সংগীতশিল্পী বাউল নুনু গাজীকে অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালাগাল করে এবং পিটিয়ে মারতে মারতে জগন্নাথপুর থেকে সৈয়দপুর নেয়ার হুমকি দিয়েছেন একই উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ঈশান কোনা এলাকার বাসিন্দা আরেক জননন্দিত গীতিকার সৈয়দ দুলাল।
জানা যায়, গত শুক্রবার বিকেলে নুনু গাজী সৈয়দ দুলাল নামে এক গীতিকারের লেখা গানের একটি পাণ্ডুলিপির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। নুনু গাজী জানান, যে সৈয়দ দুলালকে নিয়ে তিনি এই পোস্ট করেছেন তার বাড়ি বিশ্বম্ভপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের সৈয়দপুর এলাকায়।
এদিকে, এ পোস্টকে কেন্দ্র করে ফেসবুকে হৈচৈ পড়ে যায়। তা দেখে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের ঈশান কোনা এলাকার বাসিন্দা জননন্দিত গীতিকার ও সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ দুলালসহ একাধিক ব্যক্তি বাউল নুনু গাজীর ফেসবুক মেসেঞ্জারে কল দিয়ে অকথ্য, অশ্লীল, অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং পিটিয়ে মারতে মারতে জগন্নাথপুর থেকে সৈয়দপুর নেয়ার হুমকি দেন।
সৈয়দ দুলালের হুমকি-ধমকির সমস্ত কথোপকথন ও স্ক্রিনশট নুনু গাজী তার ব্যবহৃত মোবাইলে ধারণ করেন।
পরে শনিবার (১২ মার্চ) বিকেলে নিজের জানের নিরাপত্তা চেয়ে সিলেটের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নং ১১৬৬।
এ ব্যাপারে জানতে সৈয়দ দুলালের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সে আমার নামে অপপ্রচার চালাচ্ছে। তাই আমি উত্তেজিত হয়ে অকথ্য, অশ্লীল, অশ্রাব্য ভাষায় তাকে গালাগাল করেছি। অনুমতি ছাড়া কল রেকর্ড করে সে আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে ফাঁস করেছে, এতে আমার মানহানি হয়েছে। তাই আমি তার বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ ব্যাপারে জানতে চাইলে সিএমপির কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. ইয়াসিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।






















