বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

reporter

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ণ


চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি  অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‎ চরফ্যাসন আইনজীবী সমিতির সদস্য ও এডিশনাল পি.পি., জজ কোর্ট, চরফ্যাসনের আইনজীবী অ্যাডভোকেট মো. হযরত আলী হিরনের সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিত করেছে সমিতি।

‎ সমিতির গঠনতন্ত্রের ৪০ ধারা এবং টি.ও.ডি.এসের ৪১(খ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎রোববার (৫ অক্টোবর) চরফ্যাসন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. লিটন হাওলাদার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

‎চিঠিতে বলা হয়, এর আগে ২০২১ সালের ২৫ মার্চ সমিতির সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্রের ৪০ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগে হযরত আলী হিরনের সদস্যপদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছিল। 

‎পরবর্তীতে সিনিয়র সহকারী জজ আদালতের দেওয়ানি মামলা নং-২৮/২০২১-এর রায় করিয়ে দেওয়ার কথা বলে জনৈক আশ্রাফ আলীর কাছ থেকে ১২ লাখ টাকা গ্রহণের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ২০২২ সালের ১৬ নভেম্বর তার সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিত করা হয়।

‎চিঠিতে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৪ এপ্রিল সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ রমিজ উদ্দিনের সঙ্গে অশালীন আচরণ, একই বছরের ৭ এপ্রিল সমিতির সভাকক্ষে সদস্য মো. শাহাবুদ্দিন মালতিয়ার সঙ্গে গালাগাল ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

‎এ ছাড়া ২০২৫ সালের ৩ আগস্ট চরফ্যাসন যুগ্ম জেলা জজ আদালতে অপর আইনজীবী মো. হাবিবুর রহমান (সোহান) এর সঙ্গে মামলা পরিচালনা নিয়ে দুর্ব্যবহার এবং আসামিপক্ষের আইনজীবীর কাছ থেকে নথি ও মহাফেজের সমিতির পাসবই ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়।

‎সর্বশেষ চলতি বছরের ৪ অক্টোবর সমিতির কার্যালয়ে জরুরি মৌখিক সাধারণ সভা চলাকালে সাধারণ সম্পাদককে জি.আর. ১৬১/২০২৬ মামলায় আসামিপক্ষে জামিন চাওয়াকে কেন্দ্র করে অকথ্য গালাগাল, বিশৃঙ্খলা ও হুমকি দেওয়ার পাশাপাশি জামিন চাইতে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।

‎চিঠিতে বলা হয়, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতভাবে তাকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়। 

‎পরবর্তীতে গঠনতন্ত্রের ৪০ ধারা ও টি.ও.ডি.এসের ৪১(খ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আগামী ৬ অক্টোবর থেকে ছয় মাসের জন্য তার সদস্যপদ স্থগিত করা হয়েছে।

‎সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তের চিঠির অনুলিপি বাংলাদেশ বার কাউন্সিল, জেলা ও দায়রা জজ আদালত, ভোলাসহ সংশ্লিষ্ট ১২টি দপ্তরে পাঠানো হয়েছে।


Link Copied