মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

reporter

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ


খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

নেত্রকোনার খালিয়াজুরীতে সরকার পতনের ষড়যন্ত্র, নাশকতা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা সোনালী মিয়াও আসামি হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

গত ১২ নভেম্বর খালিয়াজুরী থানায় দায়ের করা মামলায় নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার ও সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমানসহ ১২১ জনকে নামীয় আসামি করা হয়েছে। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ১০, ১১ ও ১২ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার নম্বর ৬।

এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত কৃষক লীগের নগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সবিনয় তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বর্তমান সরকারের পতন ঘটানো এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসনের উদ্দেশ্যে আসামিরা নাশকতার পরিকল্পনা করেন। এর অংশ হিসেবে গত ৮ ও ৯ নভেম্বর উপজেলার কল্যাণপুর কুতুবপুর বাজার এবং মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও বিভিন্ন স্লোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ১০ নভেম্বর আওয়ামী লীগের ডাকা ধর্মঘট ও অবরোধ কর্মসূচি সফল করার পরিকল্পনার কথাও এজাহারে উল্লেখ রয়েছে।

মামলার বাদী মো. মুসলিম মিয়া সদর ইউনিয়নের মুসলিমহাটি গ্রামের বাসিন্দা ও বিএনপির কর্মী। তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে এসব কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছেন বলে এজাহারে দাবি করেছেন।মামলা আসামী সোনালী মিয়া উপজেলার পাঁচহাট গ্রামের মৃত চান মিয়ার ছেলে। তাঁর দাবি, ১৯৯০ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং একসময় উপজেলা বিএনপির সদস্য ছিলেন। সাবেক উপজেলা বিএনপির সভাপতি লাল মিয়া তালুকদার তাঁর রাজনৈতিক গুরু। বর্তমানে তাঁর পরিবারের ২৫-২৬ জন সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানান তিনি।

সোনালী মিয়ার অভিযোগ, উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনের পর পূর্বশত্রুতার জের ধরে তাঁকে এ মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি নিয়ে তাঁর ছেলে উপজেলা বিএনপির সভাপতি আবদুর রউফ স্বাধীনের সঙ্গে কথা বললে তিনি ‘সোনালী কীভাবে আসামি হলেন, তা জানা নেই’ বলে জানিয়েছেন বলে দাবি করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির সভাপতি আবদুর রউফ স্বাধীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


Link Copied