মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

মানিকগঞ্জে নবান্ন উৎসবে জাতীয় কৃষক দিবস ঘোষণার দাবি

reporter

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৬:২২ অপরাহ্ণ


মানিকগঞ্জে নবান্ন উৎসবে জাতীয় কৃষক দিবস ঘোষণার দাবি

কৃষকের মর্যাদা প্রতিষ্ঠা, জৈব কৃষির প্রসার এবং গ্রামীণ ঐতিহ্য রক্ষার আহ্বানের মধ্য দিয়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় উদ্‌যাপিত হয়েছে ‘কৃষক দিবসে নবান্ন উৎসব ১৪৩৩’।

​সোমবার (১৬ নভেম্বর ২০২৬) ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ সাটুরিয়ার কইট্টায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের (এইচআরডিসি) প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। নগর কৃষি ফাউন্ডেশনের উদ্যোগে এবং প্রশিকা মানবিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় আয়োজিত এ উৎসবে কৃষক, কৃষিবিদ, সাহিত্যিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

​উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সাবেক চেয়ারম্যান কবি রোকেয়া ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. হালিদা হানুম আখতার, কথাসাহিত্যিক মুজতবা আহমেদ মুরশেদ, কবি গোলাম মোস্তফা, কৃষিবিদ মামুন-উর-রশীদ, অধ্যাপক ও কবি কামরুল হাসান এবং প্রকাশনা প্রতিষ্ঠান বাঙালির প্রকাশক কবি আরিফ নজরুল।

​উৎসবের শুরুতে অতিথি ও অংশগ্রহণকারীদের বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি, গুড়-মুড়ি-মুড়কি ও নিমকি দিয়ে আপ্যায়ন করা হয়। দিনব্যাপী আয়োজনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ উৎসব, কৃষি ক্যাম্পাস পরিদর্শন, কৃষকের বাজার, কৃষক সম্মাননা, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষায় অনুষ্ঠানে পাঁচ প্রজাতির ফুলের গাছ রোপণ করা হয় এবং বাঙালির প্রকাশক কবি আরিফ নজরুল প্রশিকা ও নগর কৃষি ফাউন্ডেশনকে ‘ছাদবাগান ও জৈবকৃষি’ শীর্ষক বই উপহার দেন।

​আলোচনা পর্বে বক্তারা বলেন, কৃষক দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ উৎপাদন ব্যয় বৃদ্ধি ও ন্যায্যমূল্য না পাওয়াসহ নানা প্রতিকূলতার মধ্যে তাঁরা সংগ্রাম করছেন। রাষ্ট্রীয়ভাবে কৃষকের অবদানকে স্বীকৃতি দিতে দেশে ‘জাতীয় কৃষক দিবস’ ঘোষণার দাবি জানান বক্তারা। একই সঙ্গে মাটির উর্বরতা ও পরিবেশ রক্ষায় রাসায়নিক সার কমিয়ে জৈব কৃষির প্রসার ঘটানো এবং নবান্ন উৎসবকে দেশের প্রতিটি গ্রামে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। আগামী বছরের নবান্ন উৎসব সরাসরি কৃষকের ফসলের মাঠে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।

এমএসএম / এমএসএম

Link Copied