মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

'মজুরি ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর কার্যকর হবে'

reporter

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:০৪ অপরাহ্ণ


'মজুরি ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর কার্যকর হবে'

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণার তারিখ যা-ই হোক, নির্ধারিত মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। একই সঙ্গে মজুরি নিয়ে গুজব, ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিতে কান না দিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গার্মেন্টস শিল্পের চলমান অস্থিরতা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠক স্থগিতের বিষয়ে কোনো চাপ ছিল না দাবি করে সৈয়দ আজাদ সুবহানী বলেন, পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করার ক্ষেত্রে কোনো চাপ ছিল না। বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় সভাটি স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে।

এ সময় মজুরি নিয়ে কোনো ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

মজুরি কার্যকরের সময়সীমা প্রসঙ্গে বোর্ড চেয়ারম্যান বলেন, ঘোষণা যখনই আসুক, নিম্নতম মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

শ্রমিকদের আন্দোলনের মুখে গত রোববার (১ নভেম্বর) সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় ত্রিপক্ষীয় জরুরি সভা। তবে এসব উদ্যোগের পরও শ্রমিকদের আন্দোলন থামেনি। বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, সড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। এ আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত শিল্পমালিক এবং ছাত্রলীগ-যুবলীগের সদস্যদের জড়িয়ে পড়ার তথ্য পেয়েছে গোয়েন্দারা।

এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলগুলোতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা কার্যকর করেছে সরকার। পুলিশের পাশাপাশি বিজিবি ও এসিআরবি সদস্যদেরও নিয়োগ দেওয়া হয়েছে।

aliul / aliul

Link Copied