বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

পুলিশ সদস্যদের জন্য বিশেষ মোটরসাইকেল ঋণ চালু করল কমিউনিটি ব্যাংক

reporter

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ


পুলিশ সদস্যদের জন্য বিশেষ মোটরসাইকেল ঋণ চালু করল কমিউনিটি ব্যাংক

বাংলাদেশ পুলিশের সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত যাতায়াত আরও সহজ ও গতিশীল করতে বিশেষ মোটরসাইকেল ঋণ সুবিধা চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে দেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড র‍্যানকন সুজুকির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ব্যাংকটি।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) কমিউনিটি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সম্প্রতি আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং র‍্যানকন সুজুকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাবিব ইফতেখার আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, এই অংশীদারত্বের আওতায় বাংলাদেশ পুলিশের যোগ্য সদস্যরা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে আকর্ষণীয় শর্তে সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল কেনার জন্য বিশেষ ঋণ সুবিধা পাবেন। এ সুবিধার আওতায় সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ, ৯ শতাংশ সুদের হার এবং সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ পরিশোধের সুযোগ রাখা হয়েছে। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমেও এ ঋণ সুবিধা গ্রহণ করা যাবে।

প্রতিষ্ঠানটি জানায়, দেশের মানুষের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত প্রয়োজন ও যাতায়াতের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই সময়োপযোগী এই অর্থায়ন সুবিধা আনা হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই পুলিশ সদস্যদের কল্যাণে প্রয়োজনভিত্তিক আধুনিক ব্যাংকিং সমাধান প্রদানে কাজ করে যাচ্ছে কমিউনিটি ব্যাংক। র‍্যানকন সুজুকির সঙ্গে এই অংশীদারত্ব পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনার আর্থিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আরও সহজ ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করা হয়।


Link Copied