
নিরাপত্তার চাদরে যশোর শহর, ৫৭ পয়েন্টে বসছে ১৭৬ এআই ক্যামেরা
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ

এআই ক্যামেরা
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আসছে যশোর শহর। নগরীর ৫৭টি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ১৭৬টি ক্যামেরা। মাদক কারবার, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধ দমনে আধুনিক এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রশাসন। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে শহরের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সামনেও নিজস্ব উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের অপরাধপ্রবণ এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, জনসমাগমস্থল ও বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টকে নজরদারির আওতায় আনতে ক্যামেরাগুলো স্থাপন করা হবে। এসব ক্যামেরার মাধ্যমে শুধু ভিডিও ধারণ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ধারণ করা দৃশ্য বিশ্লেষণ করে সন্দেহজনক গতিবিধি ও নির্দিষ্ট কিছু অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত করার সুযোগ তৈরি হবে। এতে অপরাধ সংঘটনের পর দ্রুত সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা এবং তাদের চলাচলের পথ অনুসরণ করা পুলিশের জন্য সহজ হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ প্রযুক্তি চালু হলে মাদক বেচাকেনা, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়বে। বিশেষ করে অপরাধ সংঘটিত হওয়ার পর ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের ক্ষেত্রে ক্যামেরাগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে। সাম্প্রতিক সময়ে যশোর শহরে কয়েকটি সহিংস ও নাশকতামূলক ঘটনার পর নগরীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এবং জেলা জজ আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে আধুনিক প্রযুক্তির নজরদারিতে আনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন নাগরিকরা। প্রচলিত সিসিটিভি ক্যামেরার সঙ্গে এআই প্রযুক্তির মূল পার্থক্য হলো ভিডিও বিশ্লেষণের সক্ষমতা। সাধারণ ক্যামেরায় ধারণ করা দৃশ্য পরবর্তী সময়ে দেখে তথ্য সংগ্রহ করতে হয়। অন্যদিকে এআই প্রযুক্তির ক্যামেরা সংযুক্ত সফটওয়্যার ও ডেটাবেজের সক্ষমতা অনুযায়ী যানবাহনের নম্বরপ্লেট শনাক্ত, নির্দিষ্ট স্থানে মানুষের চলাচল পর্যবেক্ষণ এবং অস্বাভাবিক কর্মকাণ্ডের বিষয়ে সতর্কবার্তা দিতে পারে। তবে এসব সুবিধা নির্ভর করবে ব্যবহৃত প্রযুক্তি ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতার ওপর। এর আগে ২০১৭ সালে যশোর পৌরসভার উদ্যোগে শহরের ৭৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৩০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচালনাগত জটিলতায় পরবর্তী সময়ে অনেক ক্যামেরা অচল হয়ে পড়ে। ফলে এবারের উদ্যোগে ক্যামেরা স্থাপনের পাশাপাশি দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ও কার্যকর পরিচালনা নিশ্চিত করাকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের নজরদারি ব্যবস্থার সুফল পেতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ, কেন্দ্রীয় মনিটরিং কক্ষ, দক্ষ জনবল এবং নিয়মিত কারিগরি রক্ষণাবেক্ষণ প্রয়োজন। একই সঙ্গে ভিডিও ফুটেজ সংরক্ষণ, তথ্যের নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সুস্পষ্ট নীতিমালা থাকা জরুরি। শুধু ক্যামেরা স্থাপন করলেই অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়; এর সঙ্গে পুলিশের দ্রুত পদক্ষেপ ও কার্যকর নজরদারির সমন্বয় থাকতে হবে। এদিকে পুরো শহরকে নিরাপত্তা বলয়ের মধ্যে আনতে যশোরের বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। সভায় ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে নিজস্ব উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আহ্বান জানানো হয়। প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীরা এগিয়ে এলে শহরের সড়ক ও বাণিজ্যিক এলাকাগুলোকে একটি সমন্বিত নজরদারি ব্যবস্থার আওতায় আনা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান বলেন, যশোর একটি গুরুত্বপূর্ণ জেলা শহর। প্রতিদিন ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসাসহ নানা প্রয়োজনে অসংখ্য মানুষ এখানে আসেন। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো আধুনিক প্রযুক্তির নজরদারিতে এলে সাধারণ মানুষের নিরাপত্তাবোধ বাড়বে। ১৭৬টি এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। এ উদ্যোগ সফল করতে ব্যবসায়ীরাও নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপনে সহযোগিতা করবেন।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, শহরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে এআই ক্যামেরা স্থাপন করা হলে অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত, তাদের গতিবিধি পর্যবেক্ষণ এবং অপরাধ প্রতিরোধে পুলিশের সক্ষমতা বাড়বে। প্রকল্পটির কাজ দ্রুত শুরু করার প্রস্তুতি চলছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, যশোর শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় এ প্রকল্পের জন্য প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেছে। দ্রুততম সময়ের মধ্যে ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।




















