শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

দেবিদ্বারে পৈতৃক জমি দখলের অভিযোগ, সালিশে দুই ভাইকে কুপিয়ে জখম

reporter

মো: তোফায়েল আহমেদ

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ


দেবিদ্বারে পৈতৃক জমি দখলের অভিযোগ, সালিশে দুই ভাইকে কুপিয়ে জখম

কুমিল্লার দেবিদ্বারে পৈতৃক জমির বিরোধ মীমাংসায় আয়োজিত সালিশ বৈঠকে হামলার শিকার হয়েছেন একই পরিবারের দুই ভাই। এ ঘটনায় আলমগীর হোসেন (৪৬) ও তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম (৫৫) আহত হয়েছেন। তাঁদের মধ্যে আলমগীর হোসেন গুরুতর আহত হন। তাঁর মাথা, গলা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ১৩ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৫টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের পানা উল্লাহ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজনকে অভিযুক্ত করে দেবিদ্বার থানায় লিখিত এজাহার দিয়েছেন আহত আলমগীর হোসেন।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন ও তাঁর পরিবারের সঙ্গে চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলে আসছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পৈতৃক সম্পত্তি হওয়া সত্ত্বেও একটি পক্ষ দীর্ঘদিন ধরে জমিটি জোরপূর্বক ভোগদখল করে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলাও চলমান রয়েছে। বিরোধের সমাধান করতে ঘটনার দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় জামাল হোসেনের বাড়ির উঠানে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, সালিশ বৈঠক চলাকালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে আলমগীর ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এর প্রতিবাদ করলে অভিযুক্তরা ঘর থেকে দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় ধারালো দা দিয়ে আলমগীরের মাথায় কোপ দেওয়া হয়। পরে লোহার রড দিয়ে গলার বাম পাশে এবং দা দিয়ে ডান হাতের কনুই ও কব্জির মধ্যবর্তী স্থানে আঘাত করা হয়। লাঠির আঘাতে তাঁর বাম হাতেও জখম হয়।

এ সময় ছোট ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে জাহাঙ্গীর আলমকেও মারধর করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং ডান হাতের কনিষ্ঠ আঙুল রক্তাক্ত জখম হয়। এ ছাড়া অভিযুক্তদের একজন জাহাঙ্গীরের শার্টের বুক পকেট থেকে ২০ হাজার টাকা নিয়ে যান বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে। হামলার ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে উল্লেখ রয়েছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ (সাবেক ৪ নম্বর ওয়ার্ড সদস্য) বলেন, জমিটি ভুক্তভোগী পরিবারের পৈতৃক সম্পত্তি। তাঁদের দাবি, একটি প্রভাবশালী পক্ষ দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছে। প্রকৃত মালিকেরা যেন তাঁদের পৈতৃক সম্পত্তি বুঝে পান, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। জমির বিরোধের সুষ্ঠু সমাধানের মাধ্যমে ভুক্তভোগীরা যেন তাঁদের ন্যায্য অধিকার ফিরে পান, সেটিই প্রত্যাশা।

এজাহারে আরও অভিযোগ করা হয়, স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যান। যাওয়ার সময় পরবর্তীতে সুযোগ পেলে প্রাণনাশের হুমকিও দেন তাঁরা।

আহতদের প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আলমগীর হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ ও ১৫ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মো: তোফায়েল আহমেদ / এমএসএম

Link Copied