শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

পটিয়া থেকে ছিনতাই হওয়া ভ্যান দোহাজারিতে উদ্ধার

reporter

মাইনুল খান

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ


পটিয়া থেকে ছিনতাই হওয়া ভ্যান দোহাজারিতে উদ্ধার

চট্টগ্রামের পটিয়া পৌরসদর থেকে প্রকাশ্যে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত মোটরভ্যানটি চন্দনাইশের দোহাজারি থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে দোহাজারি পৌরসভার ফুলতলা এলাকা থেকে ভ্যানটির পাঁচটি ব্যাটারিসহ এটি উদ্ধার করা হয়।

জানা যায়, ভ্যানচালক আব্দুর রহিম প্রতিদিনের মতো শনিবার সকালে পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকার একটি দোকানের সামনে ভ্যানটি রেখে ভেতরে যান। এ সময় দুপুর সাড়ে ১২টার দিকে অজ্ঞাতপরিচয় এক যুবক নকল চাবি ব্যবহার করে প্রকাশ্যে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ভ্যানটির সন্ধান পাননি মালিক।

ঘটনার পর ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ পটিয়ার গণমাধ্যমকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে অভিযুক্ত যুবকের পরিচয় শনাক্তে সহায়তা পাওয়া যায়। তার নাম ইসমাইল। তিনি পটিয়ার খরনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশের পর স্থানীয় কয়েকজন বাসিন্দা তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ করেন।

ঘটনার খবর পেয়ে পটিয়া থানার ইনচার্জ যুযুৎসু যশ চাকমার নির্দেশনায় পুলিশ অভিযান শুরু করে। অভিযুক্তের মোবাইল নম্বরের সূত্র ধরে দোহাজারি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ সোহেলের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে পটিয়া থানা পুলিশের একটি দলও অভিযানে যোগ দেয়।

টানা পাঁচ ঘণ্টার অভিযানে দোহাজারির ফুলতলা এলাকার সাইফু ব্যাটারি হাউস থেকে ভ্যানটির পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে বটতল এলাকার একটি চায়ের দোকানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি উদ্ধার করে পুলিশ।

পটিয়া থানার ইনচার্জ যুযুৎসু যশ চাকমা জানান, দিনদুপুরে ভ্যান ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। মোবাইল নম্বরের সূত্র ধরে দোহাজারি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ সোহেল অভিযান পরিচালনা করেন। পরবর্তী সময়ে পটিয়া থানা পুলিশের একটি দল অভিযানে যোগ দিয়ে ভ্যান ও ব্যাটারিগুলো উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাইনুল খান / এমএসএম

Link Copied