
অপপ্রচারের অভিযোগ তুলে চ্যালেঞ্জ ছুড়লেন বিআরএসএ মহাসচিব মাইকেল মহিউদ্দিন
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ

সংগঠনকে শক্তিশালী করা ও সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার কারণে একটি স্বার্থান্বেষী মহলের পরিকল্পিত অপপ্রচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএসএ) মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ। বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি সম্পদের বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) এক বিবৃতিতে তিনি জানান, রাজধানীর ধানমন্ডি, তেজগাঁও, আফতাবনগর, গুলশান ও নিকুঞ্জসহ বিভিন্ন এলাকায় তাঁর ২৯টি ফ্ল্যাট ও প্লট রয়েছে এবং সাব-রেজিস্ট্রারদের বদলি বাণিজ্য করে কোটি টাকার দুর্নীতি করেছেন—এমন ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তাঁর সম্মানহানির চেষ্টা করা হচ্ছে।
ক্ষোভ প্রকাশ করে মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ বলেন, ‘আমার এনআইডি দিয়ে সার্চ করে দেখুন, আমার কোন এলাকায় কত সম্পদ রয়েছে। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ ও সংবাদ প্রচার করা হচ্ছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। যাচাই-বাছাই ছাড়াই মনগড়া তথ্য দিয়ে একজন ব্যক্তির সম্মানহানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও জানান, বর্তমান কার্যনির্বাহী পরিষদের সময়ে নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে ২০২৫ সালের নিয়োগ বিধিমালা প্রণয়ন ও কার্যকর করা, ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প অনুমোদন, নিবন্ধন অধিদপ্তরকে আইন মন্ত্রণালয়ের অধীনে রাখা, বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টির উদ্যোগ এবং নিবন্ধন আইন ও সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের মতো গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। এ ছাড়া ৬৬টি সরকারি গাড়ি অন্তর্ভুক্তির প্রস্তাব এবং ৬১টি জেলা সদর ও ২০টি মহানগর কার্যালয়ে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টির প্রস্তাবসহ নানা সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
ব্যক্তিগত স্বার্থ বা গোষ্ঠীগত বিরোধের কারণে সংগঠনের অর্জনকে আড়াল করে অপপ্রচার না চালিয়ে তথ্যভিত্তিক মূল্যায়ন এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনের কল্যাণে কাজ করার আহ্বান জানান বিআরএসএ মহাসচিব।



















