
চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান লাখো আউটসোর্সিং কর্মচারী
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বছরের পর বছর কাজ করেও চাকরির নিশ্চয়তা, ন্যায্য বেতন ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত লাখো অস্থায়ী কর্মচারী। এসব বৈষম্য নিরসন, চাকরি স্থায়ীকরণ, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ।
সংগঠনটির দাবি, দেশে প্রায় ৬ লাখ আউটসোর্সিং কর্মচারীসহ ৬ থেকে ৭ লাখ অস্থায়ী কর্মী সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন কাজ করেও তাঁরা চাকরির নিরাপত্তা, নিয়মিত বেতন, ছুটি, মাতৃত্বকালীন সুবিধা ও অবসরকালীন আর্থিক সুরক্ষা পাচ্ছেন না।
পরিষদের অভিযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে অন্যায়ভাবে প্রায় ৬ থেকে ৭ হাজার আউটসোর্সিং কর্মচারী চাকরিচ্যুত হয়েছেন। পাশাপাশি নবায়ন জটিলতা ও প্রশাসনিক অবহেলায় ২ থেকে ৩ হাজার কর্মচারীর ১ থেকে ৪ বছরের বেতন বকেয়া রয়েছে।
এসব সমস্যা সমাধানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মীদের স্থায়ীকরণ, প্রয়োজনীয় রাজস্ব পদ সৃষ্টি এবং নিয়োগবিধি সংশোধনের দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে চাকরিচ্যুতদের স্ব-স্ব কর্মস্থলে পুনর্বহালে নির্বাহী আদেশ বা পরিপত্র জারি এবং বকেয়া বেতন দ্রুত পরিশোধে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটির সভাপতি মোঃ মাহবুবুর রহমান আনিস ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক নুর বলেন, তাঁরা সরকারের কাছে কোনো অযৌক্তিক সুবিধা চান না; চান শ্রমের মর্যাদা, ন্যায্য পারিশ্রমিক ও চাকরির নিশ্চয়তা। তাঁদের বিশ্বাস, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য দূর ও চাকরি স্থায়ীকরণের পথ তৈরি হবে।
এ ছাড়া নতুন জাতীয় পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যাটাগরিভিত্তিক সর্বোচ্চ ৬৬ হাজার থেকে সর্বনিম্ন ৩৭ হাজার টাকা বেতন নির্ধারণ করে গেজেট প্রকাশের দাবি জানিয়েছে পরিষদ। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি চুক্তি, নিয়মিত বেতন, ছুটি ও মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে সার্ভিস মনিটরিং টিম গঠনের প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক নুর বলেন, কয়েক লাখ কর্মচারী ও তাঁদের পরিবারের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী যেন দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেন। অন্যায়ভাবে চাকরিচ্যুতদের কর্মস্থলে ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধেও জরুরি পদক্ষেপ চান তাঁরা।
সংগঠনটির মতে, এসব দাবি বাস্তবায়িত হলে লাখো কর্মচারীর দীর্ঘদিনের চাকরির অনিশ্চয়তা ও বৈষম্য কমবে। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানে কর্মপরিবেশ, কর্মীদের মনোবল এবং সেবার ধারাবাহিকতা আরও সুসংহত হবে।



















