সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬

logo

বাউফলে আলগী নদীর ভাঙনরোধে টেকসই বাঁধ ও রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

reporter

এম মনিরুজ্জামান হিরোন

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ


বাউফলে আলগী নদীর ভাঙনরোধে টেকসই বাঁধ ও রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নে আলগী নদীর ভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণ এবং বেড়িবাঁধের রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার রায়তাঁতেরকাঠী গ্রামের মাঝের খেয়াঘাট এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বাকলা থেকে রায়তাঁতেরকাঠী হয়ে নুরাইনপুর বাজার পর্যন্ত বিস্তৃত এ বেড়িবাঁধ ও সড়ক রক্ষার দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, আলগী নদীর পাড়ের এই বেড়িবাঁধ সড়কটি রায়তাঁতেরকাঠীসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও মুমূর্ষু রোগীরা এই পথ ব্যবহার করেন। কিন্তু প্রতি বছর বর্ষা মৌসুমে নদীর তীব্র ভাঙনে সড়কটি বিলীন হয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।
বক্তারা অভিযোগ করে বলেন, ইতিপূর্বে সরকারিভাবে ভাঙনরোধে জিও ব্যাগ ফেলা হলেও তা কোনো কাজে আসেনি। সঠিক নিয়মে জিও ব্যাগ না বসানো, পর্যাপ্ত মাটি ও পাইলিংয়ের অভাব এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় অল্প দিনের মধ্যেই সেগুলো সরে গিয়ে পুনরায় ভাঙন শুরু হয়েছে। এমতাবস্থায় ভুক্তভোগী এলাকাবাসী স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি বেড়িবাঁধের রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ, ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা জাকির হোসেন, মামুন শিকদার ও সাংবাদিক জাহিদ শিকদার। এ ছাড়া স্থানীয় শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এম মনিরুজ্জামান হিরোন / এমএসএম

Link Copied