
মিরসরাইয়ে তুলা ও প্লাস্টিকের গুদামসহ আট দোকানে আগুন
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে তুলা ও প্লাস্টিকের গুদাম এবং আশপাশের আটটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রবিবার (২৯ নভেম্বর) রাত আটটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে মোহাম্মদ খানসাবের তুলা ও প্লাস্টিকের গুদামসহ আশপাশের প্রায় আটটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে মিরসরাই ও বারইয়ারহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ খানসাব বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। আগুন সবকিছু কেড়ে নিয়েছে। সব পুড়ে ছাই হয়ে গেল। এখন কীভাবে ব্যবসা দাঁড় করাব?’
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইফতেখার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাড়াটিয়াদের ভাষ্যমতে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে নগদ টাকা, বাইসাইকেলসহ আনুষঙ্গিক বিভিন্ন জিনিসপত্র পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে দ্রুত পৌঁছানোয় আশপাশের কয়েকটি স্থাপনা রক্ষা করা সম্ভব হয়েছে।



















