
গৌরনদীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ

রবিবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে হামলাসহ পেট্রোল বোমা হামলা চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ সময় ব্যাংকের ওই শাখা কার্যালয়ের বিস্ফোরিত একটি পেট্রোল বোমার আগুনে ব্যাংক ভবনের একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে।
যৌথ মালিকানাধীন ব্যাংক ভবনটির অংশীদার খাইরুল হাসান লাভলু জানান, আমাদের দোতলা পাকা ভবনটির নিচতলা ভাড়া নিয়ে গ্রামীণ ব্যাংক তাদের বার্থী শাখার কার্যক্রম চালাচ্ছে। রবিবার রাত পৌনে ৯টার দিকে ৫/৬ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী এসে পিটিয়ে ভবনের নিচতলার ২টি জানালা ভাঙ্গে। এরপর তারা ওই জানালা দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের ভিতরে ২টি পেট্রোল বোমা ছুড়ে মারে। একই সময় তারা ভবনের দরজা ও ভবনের গায়ে আরও ৩টি পেট্রোল বোমা ছুড়ে মারে। এরমধ্যে দরজার উপরে মারা পেট্রোল বোমাটি বিস্ফোরিত হয়ে ব্যাংকটির কার্যালয়ের দরজায় আগুন ধরে যায়। ভবনের দোতালায় থাকা বাসিন্দারা ও ব্যাংকের নাইটগার্ড মিলে তাৎক্ষণিক বালতি ভরে পানি ছুড়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মোঃ মামুন হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে আমি ও আমার সহকারী ম্যানেজার মিলে শাখা থেকে বের হয়ে পার্শ্ববর্তী বার্থী বাজারে যাই। রাত পৌনে ৯টার দিকে ওই বাজারের মসজিদে এশার নামাজ পড়ছিলাম। এ সময় নাইটগার্ড ফোন করে আমাকে জানায় যে ব্যাংকে বোমা হামলা হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমরা দেখতে পাই, আমাদের শাখা কার্যালয় এর রুমের ভেতরে ২টি অবিস্ফোরিত পেট্রোল বোমা পড়ে আছে এবং ভবনের বাইরে আরো ২টি অবিস্ফোরিত পেট্রোল বোমা পড়ে আছে। এছাড়া কার্যালয়ের দরজার উপর বিস্ফোরিত পেট্রোল বোমায় লাগা আগুন নেভানো হয়েছে।
জানতে পারলাম আমাদের ব্যাংকের নাইটগার্ড ও ভবনের উপরে থাকা বাসা বাড়ির ভাড়াটিয়া পরিবারের সদস্যরা মিলে বালতি ভরে পানি ছুড়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে। এর ফলে অনেক বড় দুর্ঘটনার হাত থেকে ব্যাংকের শাখা কার্যালয়টি রক্ষা পায় এবং ভবনের দোতালায় থাকা বাসা বাড়ির লোকজন প্রাণে রক্ষা পায়। পরে পুলিশকে খবর দেয়া হলে গৌরনদী মডেল থানার পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত জব্দ করে।
এলাকাবাসী জানান, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী হরতাল কর্মসূচি সফল করতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই পেট্রোল বোমা হামলা চালিয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ তারিক হাসান রাসেল জানান, ওই ভবনের সিসিটিভি ফুটেজ আমরা উদ্ধার করেছি। ফুটেযে দেখা যাচ্ছে ৩টি মোটরসাইকেল যোগে এসে ৬-৭ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত ব্যাংকের ওই ভবনটির জানালা পিটিয়ে ভাঙছে। এরপর তারা ব্যাংকের কক্ষের ভেতরে ও বাইরে পেট্রোল বোমা ছুড়ে মারছে। ফুটেজ দেখে অতি দ্রুতই অপরাধীদের সনাক্ত করে গ্রেপ্তার করা হবে।



















