বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

এপেক্স ওয়েভিং পরিদর্শন করবে ডিএসই

reporter

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ণ


এপেক্স ওয়েভিং পরিদর্শন করবে ডিএসই

শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলসের কার্যক্রম পরিদর্শন করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদত্যাগ এবং কারখানার লে-অফের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত খতিয়ে দেখতে ডিএসইকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব সিদ্ধান্তে কোনো অনিয়ম বা আইন লঙ্ঘন হয়েছে কি না, তা যাচাই করবে স্টক এক্সচেঞ্জটি।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, কোম্পানিটির সংশ্লিষ্ট নথিপত্র, তথ্য প্রকাশের দলিল এবং পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত পর্যালোচনা করতে হবে ডিএসইকে। প্রয়োজনে কোম্পানি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকেও ব্যাখ্যা নিতে পারবে সংস্থাটি। পরিদর্শন শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও পর্যবেক্ষণসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয়েছে।

সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শন শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

বিএসইসির চিঠি সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট এপেক্স ওয়েভিংয়ের কাছ থেকে একটি চিঠি পায় কমিশন। এতে বলা হয়, অসুস্থতার কারণে কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত পরিচালক ইফফাত রশীদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে কোম্পানিটির পরিচালনা পর্ষদ কারখানার লে-অফের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত ১৩ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার কথা জানানো হয়। চেয়ারম্যানের পদত্যাগ ও কারখানার লে-অফের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত, দুটিই পরিদর্শন করবে ডিএসই।

বিএসইসির মতে, এসব ঘটনার সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত। তাই কোম্পানির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, তথ্য প্রকাশ এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা প্রয়োজন। এসব ক্ষেত্রে সিকিউরিটিজ আইন, বিধিমালা, প্রবিধান এবং ডিএসইর তালিকাভুক্তি বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে চায় কমিশন।

নির্দেশনায় বলা হয়েছে, পরিদর্শনের সঙ্গে সংশ্লিষ্ট সব সহায়ক নথিপত্র প্রতিবেদনের সঙ্গে জমা দিতে হবে। কোনো আইন, বিধিমালা বা নিয়ন্ত্রক নির্দেশনা লঙ্ঘনের ঘটনা পাওয়া গেলে এবং এ বিষয়ে কমিশনের নজরদারি বা হস্তক্ষেপ প্রয়োজন হলে, সেটিও প্রতিবেদনে উল্লেখ করতে হবে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বিধিমালা, ২০২০-এর বিধি ১৭(১) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশনস, ২০১৫-এর প্রবিধান ৫৪(১) অনুযায়ী এ পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত এপেক্স ওয়েভিংয়ের কারখানায় দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। অর্থনৈতিক সংকট ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন থাকায় কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বকেয়া বিল পরিশোধ না করায় ২০২২ সালের মে মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারখানাটির গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর আগেও আর্থিক ও গ্যাস-সংকটের কারণে বিভিন্ন সময়ে কারখানাটিতে উৎপাদন ব্যাহত হয় এবং লে-অফ ঘোষণা করা হয়।

১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় এপেক্স ওয়েভিং। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ২৬ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা সংগ্রহ করে। তবে নিয়মিত লভ্যাংশ দিতে না পারা ও উৎপাদন বন্ধ থাকার কারণে ২০০৯ সালে কোম্পানিটিকে ওটিসি মার্কেটে স্থানান্তর করা হয়।

aliul / aliul

Link Copied