
আমদানি পণ্যের গন্তব্য-চার্জ পরিশোধে নতুন বিধিনিষেধ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০২:১০ অপরাহ্ণ

আমদানি পণ্য নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর পর সংশ্লিষ্ট খরচ বা চার্জ পরিশোধে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে ডি-ক্যাটাগরি ইনকোটার্মসের আওতায় এসব খরচের অর্থ লেনদেন করতে হবে ব্যাংকিং চ্যানেলে। বিদেশি সরবরাহকারী আমদানির পুরো মূল্য গ্রহণ করলেও গন্তব্য-সংশ্লিষ্ট চার্জের সমপরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফেরত আনতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ডিএপি (ডেলিভার্ড অ্যাট প্লেস), ডিপিইউ (ডেলিভার্ড অ্যাট প্লেস আনলোডেড) ও ডিডিপি (ডেলিভার্ড ডিউটি পেইড) শর্তে আমদানির ক্ষেত্রে পণ্যের নির্ধারিত গন্তব্য পর্যন্ত পরিবহনসহ সরবরাহকারীর বহনযোগ্য খরচ আমদানি মূল্যের অংশ হিসেবে বিবেচিত হবে।
এ ধরনের আমদানির ক্ষেত্রে চুক্তি করার সময় এফওবি মূল্য, পরিবহন ব্যয়, বিমা এবং গন্তব্যে পণ্য পৌঁছানো-সংক্রান্ত অন্যান্য চার্জ আলাদাভাবে উল্লেখ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আমদানি মূল্যের মধ্যে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ অন্তর্ভুক্ত থাকলে বিদেশি সরবরাহকারীকে অর্থ পাঠানোর সময় ওই পরিমাণ অর্থ বাদ দেওয়া যাবে। পরে তা বাংলাদেশে সরবরাহকারীর মনোনীত স্থানীয় এজেন্ট বা সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা দেওয়া যাবে।
তবে এ ক্ষেত্রে বিদেশি সরবরাহকারীর অনুমোদন, প্রয়োজনীয় কাগজপত্র এবং সংশ্লিষ্ট আমদানি লেনদেনের সঙ্গে অর্থ পরিশোধের সম্পর্ক নিশ্চিত করতে হবে। সুবিধাভোগীর হিসাব সংশ্লিষ্ট অর্থ পরিশোধকারী ব্যাংকে না থাকলে বিডি-আরটিজিএসের মাধ্যমে অন্য ব্যাংকে অর্থ পাঠানোর সুযোগ থাকবে।
অন্যদিকে, বিদেশি সরবরাহকারী আমদানির পুরো অর্থ গ্রহণ করলে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জের সমপরিমাণ অর্থ পরবর্তী সময়ে বাংলাদেশে পাঠাতে হবে। স্থানীয় এজেন্ট বা সেবাদানকারী প্রতিষ্ঠান খরচ করার আগেই এ অর্থ দেশে আনতে হবে। তবে আমদানি মূল্য পরিশোধের তারিখ থেকে এক মাসের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে যে সময়সীমা আগে শেষ হবে, তার মধ্যেই অর্থ দেশে প্রত্যাবাসন করতে হবে।
নির্ধারিত সময়ে অর্থ দেশে ফেরত আসা নিশ্চিত করতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে আমদানিকারক ও বিদেশি সরবরাহকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং প্রয়োজনীয় তদারকি করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
পাশাপাশি এ ধরনের লেনদেনের সব নথিপত্র সংরক্ষণ এবং প্রতিটি অর্থ পরিশোধের সঙ্গে সংশ্লিষ্ট আমদানি লেনদেনের যোগসূত্র নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।






















