বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

খাবার খেতে গিয়ে বিপাকে পুলিশ, চুরি হওয়া সরকারি গাড়ি উদ্ধার

চট্টগ্রামে পুলিশের টহল গাড়ি চুরি,কয়েক ঘণ্টায় উদ্ধার,গ্রেফতার রুবেল

reporter

সাইফুদ্দিন রমিজ

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ


চট্টগ্রামে পুলিশের টহল গাড়ি চুরি,কয়েক ঘণ্টায় উদ্ধার,গ্রেফতার রুবেল

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা পুলিশের সরকারি টহল গাড়ি চুরির ঘটনায় রুবেল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে কর্ণফুলী এলাকা থেকে চুরি যাওয়া গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে ঘটনার প্রধান আসামি রুবেলকে গ্রেফতার করা হয়।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে হালিশহর থানার মোবাইল-৪২ (দিবা) ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা ছোটপুলস্থ পুলিশ লাইন্স সংলগ্ন পুনাক রেস্টুরেন্টের সামনে সরকারি গাড়ি (সিএমপি-১৮০) রেখে দুপুরের খাবার খেতে রেস্টুরেন্টে প্রবেশ করেন। খাবার শেষে ফিরে এসে তারা গাড়িটি নির্ধারিত স্থানে দেখতে পাননি।পরবর্তীতে আশপাশে খোঁজাখুঁজি করেও গাড়িটির সন্ধান না পেয়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন পুলিশ সদস্যরা। ফুটেজে দেখা যায়, দুপুর আনুমানিক ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িটি নিয়ে চলে যায়।

ঘটনাটি জানার পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনায় এবং পুলিশ কন্ট্রোল রুমের সমন্বয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট জোরদার করা হয়। হালিশহর থানা পুলিশের তাৎক্ষণিক তৎপরতা ও সমন্বিত অভিযানের ফলে একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চুরি যাওয়া সরকারি গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান চালিয়ে প্রধান আসামি রুবেলকে গ্রেফতার করে হালিশহর থানা পুলিশের বিশেষ আভিযানিক দল। গ্রেফতার রুবেল কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।পুলিশের দেওয়া তথ্যমতে, উদ্ধার হওয়া গাড়িটি নীল রঙের সিঙ্গেল কেবিন পিকআপ, যার সিএমপি নম্বর ১৮০। গাড়িটির মডেল টাটা ৩.০ এল।

গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।

সাইফুদ্দিন রমিজ / এমএসএম

Link Copied