বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

বাউফলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

reporter

এম মনিরুজ্জামান হিরোন

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ


বাউফলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে মিছিলটি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী হুমায়ুন কবির বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর অপচেষ্টা চালাচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে।
নিষিদ্ধ সংগঠনের নামে কেউ সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান হুমায়ুন কবির। পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিচুর রহমান, মদনপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির মৃধা, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলী রিপন এবং সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিরোন জোমাদ্দারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এম মনিরুজ্জামান হিরোন / এমএসএম

Link Copied