
কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ

কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী বহনকারী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় বিএসটিআই কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটি কান্দিরপাড় থেকে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে ক্যাম্পাসে ফিরছিল। বিশ্বরোড এলাকা অতিক্রম করে আসার সময় দুই ব্যক্তি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে তা বাসের দিকে নিক্ষেপ করেন। তবে আগুন বাসে লাগেনি। এতে অল্পের জন্য রক্ষা পান বাসে থাকা শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, ‘আমি চালকের পাশেই বসা ছিলাম। হঠাৎ দুই ব্যক্তি বাসটি থামানোর চেষ্টা করেন। আমারা একটু কাছে আসতেই দেখি, বাসের নিচে আগুন জ্বলছে। এরপর আমরা সবাই দ্রুত বাস থেকে নামতে থাকি। এর মধ্যেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।’
বাস ড্রাইভার মো: শফিক বলেন, 'আমি বাস নিয়ে যাওয়ার সময় দেখি তারা রাস্তায় টায়ার ফেলে দাঁড়িয়ে আছে। আমাদের বাস যখন তাদের মুখোমুখি হয়, তখনই তারা টায়ারে আগুন ধরিয়ে বাসের দিকে নিক্ষেপ করে। আমি পরিস্থিতি বুঝতে পেরে আগেই বাসকে নিরাপদ দিকে নিয়ে এসে শিক্ষার্থীদের রক্ষা করি।'
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে আগুন বাসে লাগেনি। বাস অক্ষত আছে। সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি।’
কুৃমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, 'আমরা ঘটনা স্থলে আছি এবং এ বিষয়ে তদন্ত করছি।'





















