মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

‎শীতের শুরুতেই নজরুল বিশ্ববিদ্যালয়ে বাড়ছে সর্দি-জ্বর, ৮৫ শতাংশ রোগী মৌসুমি রোগে আক্রান্ত

reporter

রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ণ


‎শীতের শুরুতেই নজরুল বিশ্ববিদ্যালয়ে বাড়ছে সর্দি-জ্বর, ৮৫ শতাংশ রোগী মৌসুমি রোগে আক্রান্ত

ঋতু পরিবর্তন ও শীতের আগমনের সঙ্গে সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাড়ছে সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের তথ্য অনুযায়ী, অক্টোবরের তুলনায় নভেম্বরে এসব উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশই সর্দি-কাশি, জ্বর ও হাঁচিসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যায় ভুগছেন।
‎
‎মেডিকেল সেন্টার সূত্রে জানা গেছে, আবহাওয়ার পরিবর্তনের এ সময়ে দিন ও রাতের তাপমাত্রার তারতম্য, ভোর ও রাতে ঠান্ডা এবং দিনের বেলায় তুলনামূলক উষ্ণ আবহাওয়ার কারণে মৌসুমি রোগের প্রকোপ বাড়ছে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সর্দি, কাশি ও জ্বরের উপসর্গ বেশি দেখা যাচ্ছে।
‎
‎এদিকে এসব রোগে আক্রান্ত হয়ে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসিক হল ও মেসে থাকা শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ফলে ব্যাহত হচ্ছে নিয়মিত ক্লাস ও পড়াশোনা। অসুস্থতার কারণে কয়েক দিন ধরে ক্লাসে অনুপস্থিত থাকতে হচ্ছে অনেককে। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেও একই ধরনের উপসর্গ দেখা দিয়েছে।
‎
‎নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানিয়া আফরোজ বলেন, ‘১০ দিনের বেশি সময় ধরে সর্দি, কাশি ও জ্বরে ভুগছি। স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ নিয়েও সুস্থ হতে পারিনি। পরে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। অসুস্থতার কারণে সেমিস্টার পরীক্ষাও প্রভাবিত হচ্ছে। হলের অপরিচ্ছন্ন পরিবেশ, পরিচ্ছন্নতাকর্মীদের অবহেলা এবং ক্যাম্পাসে অতিরিক্ত ধুলাবালু অসুস্থতার ভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছে।’
‎
‎আরেক শিক্ষার্থী রাইয়ান ইসলাম বলেন, ‘গত পাঁচ দিন ধরে সর্দি-জ্বরে আক্রান্ত। অসুস্থতার কারণে দুই দিন ক্লাস করতে পারিনি। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছি। শীতের সময়ে মেসের অপরিচ্ছন্ন ও স্যাঁতসেঁতে পরিবেশ অসুস্থতার অন্যতম কারণ হতে পারে।’
‎
‎বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের অতিরিক্ত চিফ মেডিকেল অফিসার ডা. আবুল খায়ের মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘গত মাসের তুলনায় বর্তমানে মেডিকেল সেন্টারে রোগীর চাপ কিছুটা বেড়েছে। মূলত আবহাওয়া পরিবর্তনের কারণে মৌসুমি রোগের প্রকোপ দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশই সর্দি-কাশি, জ্বর ও হাঁচিজনিত সমস্যায় ভুগছেন।’
‎
‎তিনি আরও বলেন, আবহাওয়া পরিবর্তনের এ সময়ে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। বাইরে চলাচলের সময় প্রয়োজনে মাস্ক ব্যবহার, নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে গরম পোশাক পরিধান করা উচিত। বিশেষ করে যাঁরা শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছেন, শীতকালে ধুলাবালি ও কুয়াশা বেড়ে যাওয়ায় তাঁদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

রবিউল ইসলাম শাকিল / এমএসএম

Link Copied