
আশুলিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে ট্রেড লাইসেন্সে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ

আশুলিয়ার ধনাইদ ইউসুফ মার্কেট জিরাবো এলাকায় অবস্থিত সুদুকা নীট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ট্রেড লাইসেন্স তৈরির নামে সরকারি নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ধামসোনা ইউনিয়ন পরিষদের সচিব মো. আফজাল হোসেনের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটির একটি ট্রেড লাইসেন্সে নির্ধারিত ফি উল্লেখ রয়েছে ১০ হাজার ২৩০ টাকা। অথচ ওই লাইসেন্সের বিপরীতে রসিদ দিয়ে আদায় করা হয়েছে ৪০ হাজার ২৩০ টাকা। একইভাবে আরেকটি ট্রেড লাইসেন্সে ফি উল্লেখ রয়েছে ৩০ হাজার ২৩০ টাকা। কিন্তু রসিদে আদায়ের পরিমাণ দেখানো হয়েছে ৬২ হাজার ৬৬৮ টাকা।
অভিযোগকারীদের দাবি, লাইসেন্সে উল্লেখিত নির্ধারিত অর্থই সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এর বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। সব মিলিয়ে ওই প্রতিষ্ঠান থেকে ট্রেড লাইসেন্সের জন্য মোট ১ লাখ ৪০ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
প্রতিষ্ঠানটির এক কর্মচারী ট্রেড লাইসেন্স ও রসিদ দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি সাংবাদিকদের জানান। এরপর এ ঘটনা প্রকাশ না করার জন্য মালিকপক্ষের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সচিবের ভয়ে বর্তমানে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছে না বলেও অভিযোগকারীদের দাবি।
এদিকে, সচিবের ঘনিষ্ঠ আত্মীয়ের নামে এবি বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা এবং ওই প্রতিষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন টেন্ডারে প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে।
অভিযোগের বিষয়ে জানতে ধামসোনা ইউনিয়ন পরিষদের সচিব মো. আফজাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে অন্য একটি ফোন নম্বর থেকে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি বলেন, ‘লোক সাজিয়ে ভুয়া তথ্য তৈরি করা হয়েছে।’ এবি বিল্ডার্সের বিষয়ে তিনি বলেন, ‘এবি বিল্ডার্স নামে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান আমি পরিচালনা করি না।’
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এখন দেখার বিষয়, ট্রেড লাইসেন্সের নির্ধারিত ফি, আদায়ের রসিদ এবং সরকারি কোষাগারে জমা দেওয়া অর্থের হিসাব যাচাই করে প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করে।



















