
শ্রমিক অসন্তোষ ঘিরে টঙ্গীর শিল্পাঞ্চলে সতর্ক বিএনপি, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের অবস্থান
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ

শিল্পাঞ্চল গাজীপুরের টঙ্গীতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা ও নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শিল্পকারখানার নিরাপত্তা, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান ও সতর্ক মহড়া দেন তাঁরা। মঙ্গলবার সকাল থেকেই টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমনের নেতৃত্বে শত শত নেতাকর্মী টঙ্গী পূর্ব থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ গার্মেন্টস ও শিল্পকারখানার আশপাশে অবস্থান নেন। পরে তাঁরা টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। এ সময় শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপি নেতাদের দাবি, শ্রমিকদের চলমান অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে। তাঁদের অভিযোগ, একটি মহল শ্রমিকদের ন্যায্য দাবিকে ব্যবহার করে শিল্পকারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে তাঁরা সতর্ক অবস্থান নিয়েছেন বলে জানান।
অবস্থান কর্মসূচিতে গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের উদ্দেশে সরকার জাবেদ আহাম্মেদ সুমন বলেন, শ্রমিকরা আমাদের ভাই-বোন। তাঁরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়ার প্রতি বিএনপি ও বর্তমান সরকার সহানুভূতিশীল। শ্রমিকদের স্বার্থ রক্ষায় ইতিমধ্যে মজুরি বোর্ড গঠনসহ বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। তিনি বলেন, শ্রমিকদের যৌক্তিক আন্দোলনের প্রতি তাঁদের সমর্থন রয়েছে। তবে আন্দোলনের নামে কোনো ধরনের ভাঙচুর, অগ্নিসংযোগ, জাতীয় সম্পদের ক্ষতি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তাঁরা চান না। সাধারণ শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো গুজবে কান না দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, শিল্পকারখানা সচল রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান ও জীবিকা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখাও জরুরি। সকাল থেকে বিসিক, হকের মোড়, চেরাগ আলী, কলেজগেট ও গাজীপুরা এলাকাসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে বিএনপি নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। তাঁদের এ কর্মসূচিকে ঘিরে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। অবস্থান কর্মসূচিতে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং গাজীপুর মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















