বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

পটুয়াখালীতে ফার্মাসিস্ট প্রশিক্ষণে সংশ্লিষ্টতা বাতিলের প্রতিবাদে বিসিডিএসের মানববন্ধন

reporter

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ণ


পটুয়াখালীতে ফার্মাসিস্ট প্রশিক্ষণে সংশ্লিষ্টতা বাতিলের প্রতিবাদে বিসিডিএসের মানববন্ধন

সি-গ্রেড ফার্মাসিস্ট প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সংশ্লিষ্টতা বাতিলের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটির জেলা শাখা। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের এ সিদ্ধান্তকে একতরফা আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ওষুধ ব্যবসায়ী নেতারা।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিসিডিএস পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. ইস্তিয়াক উদ্দিন আহমেদ রাহাত এবং সিনিয়র সহসভাপতি গাজী শহিদুল ইসলাম শাহীন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘ ২২ বছর ধরে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ও বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি যৌথভাবে সি-গ্রেড ফার্মাসিস্ট প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে আসছে। কিন্তু সম্প্রতি সমিতিকে কোনো প্রকার অবহিত না করেই ফার্মেসি কাউন্সিলের সচিব স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ কার্যক্রমে সমিতির সংশ্লিষ্টতা বাতিল করা হয়।

নেতারা বলেন, হঠাৎ নেওয়া এ সিদ্ধান্তের ফলে দেশের ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টরা চরম ক্ষতির মুখে পড়বেন। পাশাপাশি প্রশিক্ষিত ফার্মাসিস্ট তৈরির প্রক্রিয়া ব্যাহত হলে প্রান্তিক পর্যায়ের ফার্মেসিগুলোতে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর।

বিজ্ঞপ্তিতে আগের মতো বিসিডিএসের মাধ্যমে সি-গ্রেড ফার্মাসিস্ট প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুযোগ বহাল রাখার দাবি জানানো হয়। অন্যথায়, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ওষুধের দোকান বন্ধ রাখাসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

Link Copied