বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

শাস্তিমূলক বদলির দাবি উপজেলার সাংবাদিকদের

কবিরহাটে সাংবাদিকের ওপর হামলাকারী সেই শিক্ষককে শোকজ

reporter

মোহাম্মদ সেলিম, নোয়াখালী:

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ণ


কবিরহাটে সাংবাদিকের ওপর হামলাকারী সেই শিক্ষককে শোকজ

নোয়াখালীর কবিরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে ‘মুভি বাংলা টেলিভিশন’-এর সাংবাদিক শাহাদাত হোসেনের ওপর নৃশংস হামলার ঘটনায় অভিযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম ওরফে পারভেজকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। একইসঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও শিক্ষক সমাজের সুনাম রক্ষার্থে অভিযুক্ত শিক্ষককে দ্রুত জেলা থেকে অন্যত্রে শাস্তিমূলক বদলিসহ কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সচেতন নাগরিক সমাজ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশরাত নাসিমা হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে অভিযুক্ত শিক্ষক আবুল কাশেমকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এতে বলা হয়, গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজারে পেশাগত দায়িত্ব পালনকালে মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক শাহাদাত হোসেনের ওপর হামলার ঘটনায় আনীত অভিযোগ সত্যতার প্রাথমিক প্রমাণ মেলে। এই কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের অন্তর্ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ। কেন তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তার জবাবপত্র প্রাপ্তির ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারকারীর নিকট লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১ নভেম্বর ২০২৬ তারিখে কবিরহাট উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ ও সচেতন নাগরিক সমাজের পক্ষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। ওই অভিযোগে বলা হয়, গত ৩১ অক্টোবর কালামুন্সি এলাকায় একটি মসজিদের ইমামের বেতন বৃদ্ধি ও চাকুরীচ্যুতি নিয়ে বিরোধের জেরে নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম ও তার সহযোগীরা সাংবাদিক শাহাদাত হোসেনের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করেন। এ ঘটনায় কবিরহাট থানায় একটি জিডি (নম্বর- ১৩৩১, তাং- ৩১/১০/২০২৬ ইং) দায়ের করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত শিক্ষক নিজ এলাকায় অবস্থান করে চাকরির সুবাদে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার, জোরপূর্বক মসজিদ কমিটির পদ দখল, অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে আসছেন। ক্ষমতার অপব্যবহার ও অনুচিত আচরণের কারণে স্থানীয় সাধারণ মানুষ ও অন্যান্য সহকর্মীদের কাছেও তিনি একটি আতঙ্কের নাম ও বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত। এমনকি ন্যক্কারজনক এই ঘটনার পর অভিযুক্ত শিক্ষক নিজের অপরাধ ঢাকতে সংবাদ সম্মেলন করে ওই সাংবাদিকের বিরুদ্ধে ব্যক্তিগত বিষয় নিয়ে কুৎসা রটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এহেন পরিস্থিতিতে এলাকায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ও আইনশৃঙ্খলার অবনতি এড়াতে অভিযুক্ত শিক্ষক আবুল কাশেম ওরফে পারভেজকে শুধু শোকজ নয়, বরং অতিদ্রুত বর্তমান স্কুল থেকে জেলার বাইরে দূরের কোনো বিদ্যালয়ে শাস্তিমূলক বদলি এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন মহল।

মোহাম্মদ সেলিম, নোয়াখালী: / এমএসএম

Link Copied