
টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা ও দোয়া
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় টঙ্গী কলেজগেট এলাকার একটি স্থানীয় মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মো. শফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে ও উপদেষ্টা রাকিব হোসেন কাননের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাহবুবুল আলম শুকুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোসাইটি অব ন্যাশনাল মাস মিডিয়া কমিশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল এবং ৫৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী নিয়ামত আলী ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিচিতি সভায় নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহসভাপতি মো. দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, কোষাধ্যক্ষ মো. তারেক হোসেন, ক্রীড়া সম্পাদক মো. সেতু মিয়া এবং ধর্মবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমানসহ সাধারণ সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য ও ব্যবসায়িক পরিবেশকে নির্বিঘ্ন রাখতে কার্যকর সংগঠনের কোনো বিকল্প নেই। নবনির্বাচিত কমিটি ব্যবসায়ীদের ন্যায্য দাবি ও যেকোনো সংকটে পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে সংগঠনের সমৃদ্ধি, নবনির্বাচিত নেতৃত্বের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এ নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।




















