
বিপ্লবের মাধ্যমে বহুদলীয় রাজনীতির সূচনা হয়েছিল: প্রতিমন্ত্রী মীর হেলাল
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ণ

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়েই দেশে একদলীয় শাসনের অবসান ঘটে এবং বহুদলীয় রাজনীতির শুভ সূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, ‘১৯৭৫ পরবর্তী সময়ে দেশ যখন চরম রাজনৈতিক সংকট ও ক্রান্তিলগ্নে নিমজ্জিত হয়েছিল, ঠিক তখনই এ দেশের দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে নির্লোভ, নির্মোহ ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে দেশের শাসনভার গ্রহণের আহ্বান জানান। সেই ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষিত হয় এবং গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়।’
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। উপজেলা কৃষি কর্মকর্তা মেঝবাহ উদ্দীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাভিল ফারেবী, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন এবং উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. শোয়েব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো. মোরশেদ ও পৌরসভার সহকারী প্রকৌশলী সালমা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।




















