বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

reporter

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ


বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে বিএনপির সমাবেশ চলাকালে অভ্যন্তরীণ কোন্দলের জেরে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এতে আতিকুল ইসলাম রাব্বি নামের যুবদলের এক সাবেক নেতা রক্তাক্ত জখম হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। আহত আতিকুল ইসলাম রাব্বি বরিশাল মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য এবং বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারের অনুসারী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে মঞ্চের কাছাকাছি অবস্থান করছিলেন রাব্বি। এ সময় আকস্মিকভাবে নিজ দলের কয়েকজন কর্মী তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত করা হয়।

আহত আতিকুল ইসলাম রাব্বি অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে সোবাহান নামের এক ব্যক্তি ছিলেন, যিনি মহানগর বিএনপির এক নেতার অনুসারী। তিনি দাবি করেন, বিগত সরকারের আমলে হামলাকারীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন এবং তাঁর দোকানে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পুরোনো সেই বিরোধের জের ধরে সমাবেশের ভেতর পরিকল্পিতভাবে তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ‘ঘটনার সময় আমরা মঞ্চে অবস্থান করছিলাম। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ভুল বোঝাবুঝি। পুরো বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’


Link Copied