বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

গাজীপুরে জাইকার উদ্যোগে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন শুরু

reporter

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ


গাজীপুরে জাইকার উদ্যোগে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন শুরু

শিল্পাঞ্চল গাজীপুর ও টঙ্গীকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) উদ্যোগে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন শুরু হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় টঙ্গী বাজার সংলগ্ন এলাকায় ‘করবো কাজ, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা এবং টঙ্গী জোন-১-এর নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম। এ ছাড়াও জাইকার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং স্পেশালিস্ট কহিনুর খান, প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী আফসানা জামান প্রান্তী, এ আর ইউসুফ সাদী, মো. আজিজুল হক, আফ্রিন সুলতানাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে টঙ্গী বাজার ও আশপাশের জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় তরুণ স্বেচ্ছাসেবকরা রাস্তাঘাট পরিষ্কার করেন এবং পথচারী ও ব্যবসায়ীদের মাঝে পরিবেশ সুরক্ষাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

বক্তারা বলেন, অপরিকল্পিত বর্জ্য অপসারণ ও যত্রতত্র প্লাস্টিক ফেলার কারণে ড্রেনেজ ব্যবস্থা ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। পর্যায়ক্রমে গাজীপুর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে এ সামাজিক আন্দোলন ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নিয়মিত বর্জ্য অপসারণ জোরদার করার ঘোষণা দেওয়া হয়।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ মার্কেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উদ্বোধনী স্থানে এসে শেষ হয়।


Link Copied