
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ

চুরি-ছিনতাইয়ের ধারাবাহিকতায় বাগেরহাটে কচুয়ায় প্রকাশ্য দিবালোকে আবারও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বিকাশ কর্মীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আর এ ঘটনাটি ঘটেছে রবিবার (৮ নভেম্বর) বেলা ১টার দিকে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের গোলচত্বর এলাকায়। ছিনতাইকারীদের কবলে পড়া বাচ্চু শেখ (৩৫) বাগেরহাট জেলা শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা। তিনি বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ‘জাবেদ এন্টারপ্রাইজ’-এর ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত। বিভিন্ন দোকানে নগদ টাকা ও ই-মানি সরবারহের দায়িত্ব পালন করেন । ভুক্তভোগী বাচ্চু শেখ ও ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে সাইনবোর্ড বাজারে লেনদেন শেষে রাস্তা পার হওয়ার সময় দুটি মোটরসাইকেলে করে ৫জন অজ্ঞাত পরিচয় ছিনতাইকারী তাঁর পথরোধ করে। এ সময় তারা বাচ্চু শেখের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাচ্চু ব্যাগটি ধরে রেখে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ও চাপাতি বের করে তাঁকে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তাঁকে কোপানোর চেষ্টা করে এবং আশপাশের লোকজনকেও ভয় দেখায়। ধস্তাধস্তির একপর্যায়ে বাচ্চু রাস্তায় পড়ে গেলে দুর্বৃত্তরা ৫ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে বাঁধাল-পিরোজপুর সড়কের দিকে পালিয়ে যায়। বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির বলেন, “আমাদের বিকাশের একজন কর্মকর্তার কাছ থেকে আনুমানিক পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগেও বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ দিয়েছি। এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. আল মামুন বলেন, বিকাশের একজন কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনার অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত ও আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।




















