
হাটহাজারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ

মাদক প্রতিরোধে করণীয় নির্ধারণ এবং এর বিরুদ্ধে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা আয়োজিত হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হাটহাজারী মডেল থানার পরিদর্শক (ইন্সপেক্টর) এস এম আবুল কালাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো. মোরশেদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ জাকির হোসেন এবং সদস্য সচিব ওহিদুল আলম অদু।
সভায় বক্তারা বলেন, কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়; এর জন্য পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে যুবসমাজ সংঘবদ্ধ হয়েছে এবং স্থানীয়ভাবে মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে, যা মাদক নির্মূলের কাজকে আরও বেগবান করবে।
বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদকবিরোধী সামাজিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কেউ কোনো ধরনের বাধার সম্মুখীন বা হুমকির শিকার হলে, সংশ্লিষ্ট হুমকিদাতা যতই শক্তিশালী হোক না কেন, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।




















