বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

reporter

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ


দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

​দেশব্যাপী অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে র‍্যালি ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

​সমাবেশে অংশগ্রহণকারীদের ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘২৪-এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘শেখ হাসিনার ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

​সমাবেশে শিক্ষার্থী আব্দুস সামাদ বলেন, “বিগত ১৭ বছরে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাস, খুন ও রাহাজানির বিরুদ্ধে ২৪-এর আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল। এসব গোষ্ঠী আবারও সন্ত্রাস ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের অপতৎপরতা প্রতিহত করতে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।”

​অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ে একটি গোষ্ঠী শিক্ষার্থীদের গাড়ি ও বাসে চোরাগোপ্তা হামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ছড়িয়ে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।” এ সময় তিনি এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দণ্ডিতদের রায় কার্যকরের দাবি তোলেন তিনি।

​বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এলেও আওয়ামী লীগের পুনরুত্থানের আশঙ্কা দেখা যাচ্ছে। তবে ছাত্র-জনতা ২৪-এর গণ-অভ্যুত্থানের চেতনা থেকে একচুলও পিছিয়ে যায়নি। প্রায় দেড় হাজার শহীদ ও ৩০ থেকে ৪০ হাজার আহত ব্যক্তির আত্মত্যাগের চেতনা ধারণ করে যেকোনো নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।”


Link Copied