বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!

reporter

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০১:৪২ অপরাহ্ণ


কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!

রাজধানীর বিভিন্ন বাজারে এখন ভ্যানগাড়িতে অল্প দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। কিছুদিন আগেও যে মরিচ প্রতি কেজি ৪০০ থেকে ৬০০ টাকায় কিনতে হয়েছে, তা এখন মাত্র ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। অল্প সময়ে দাম এমন কমে যাওয়ায় ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে। 

তবে বাজারের সর্বত্র এই চিত্র দেখা যাচ্ছে না। ভ্যানগাড়িতে ৩০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হলেও একই এলাকার স্থায়ী সবজির দোকানগুলোতে দাম হাঁকানো হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। কোনো কোনো দোকানে দাম আরও বেশি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁও বাজার ঘুরে কাঁচামরিচের এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, এসব এলাকার কয়েকটি ভ্যানগাড়িতে প্রতি কেজি ৩০ টাকা দরে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে। তুলনামূলক সস্তায় পাওয়ায় ভ্যানের সামনে ক্রেতাদের ভিড়ও দেখা গেছে। অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে মরিচ কিনে নিচ্ছেন। তবে একই বাজারের স্থায়ী সবজির দোকানগুলোতে প্রতি কেজি কাঁচামরিচের দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা।

কেন কমছে কাঁচামরিচের দাম

ব্যবসায়ীরা জানান, শীতের শুরুতে দেশের বিভিন্ন এলাকা থেকে কাঁচামরিচ ও শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। বাজারে আমদানিকৃত কাঁচামরিচেরও প্রচুর সরবরাহ রয়েছে। তাছাড়া বর্ষার পানি ও বৃষ্টিতে মরিচের খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় হঠাৎ করে কাঁচামরিচের সরবরাহ বেড়েছে। সবমিলিয়ে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে।

মুগদা বাজারের ভ্যানগাড়িতে কাঁচামরিচ বিক্রি করা মো. নূরুদ্দীন বলেন, শীতের শুরুতে প্রতিবছরই কাঁচামরিচের সরবরাহ বাড়ে। এ বছর আমদানিকৃত কাঁচামরিচেরও প্রচুর সরবরাহ রয়েছে। তাছাড়া বর্ষার পানি ও বৃষ্টিতে ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় হঠাৎ কাঁচামরিচের সরবরাহ বেড়েছে।

তবে রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁও বাজারে কাঁচামরিচের এমন দরচিত্র দেখা গেলেও অন্যান্য বাজারের খোঁজ নেওয়া সম্ভব হয়নি।  

ক্রেতাদের স্বস্তি, বিক্রেতাদের হিসাব

কাঁচামরিচের দাম কমে আসায় ক্রেতাদের মধ্যে দেখা গেছে স্বস্তি। বিশেষ করে দীর্ঘদিন ধরে বাড়তি দামের কারণে যারা প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ কিনতে পারেননি কিংবা অল্প পরিমাণে কিনেছেন, তাদের জন্য বর্তমান দাম কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

মানিকনগর বাজারে ভ্যানগাড়ি থেকে এক কেজি কাঁচামরিচ কিনে স্বস্তি প্রকাশ করেন রিকশাচালক রিয়াজউদ্দিন। যাত্রী নিয়ে যাওয়ার পথে ৩০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রির খবর শুনে তিনিও থেমে এক কেজি কিনে নেন।

এ প্রতিবেদককে রিয়াজউদ্দিন বলেন, ‘দুই-একদিন পরপর ১০-২০ টাকায় অল্প করে কাঁচামরিচ কিনতে হয়। আজ ৩০ টাকায় পেয়ে এক কেজি কিনে নিলাম।’ এই মরিচ দিয়ে তার এক মাসের চাহিদা পূরণ হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, কম দামে কাঁচামরিচ বিক্রি করেও সামান্য মুনাফার হিসাব করছেন বিক্রেতারা। বিক্রেতা মো. নূরুদ্দীন জানান, তারা কাওরানবাজার থেকে প্রতি পাঁচ কেজি কাঁচামরিচ ১২৫ টাকায় কিনেছেন। সেই মরিচ প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করায় কেজিপ্রতি ৫ টাকা করে মুনাফা থাকবে।

তবে সবজি বাজারের বিক্রেতারা পাইকারি বাজার থেকে ১২৫ টাকায় পাঁচ কেজি কাঁচা মরিচ কেনার বিষয়টি অস্বীকার করেন। মুগদা বাজারের একজন বিক্রেতা জানান, ভ্যান গাড়ির মরিচের সঙ্গে তাদের মরিচের পার্থক্য রয়েছে। তারা দেশি কালো ও বেশি ঝালের মরিচ বিক্রি করেন। হাইব্রিড জাতের মরিচের তুলনায় এই জানতে মরিচ ভালো এবং দামও বেশি থাকে।

এমএসএম / এমএসএম

Link Copied