বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

বিয়ের আগে ক্রিকেট নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের ওপেনার

reporter

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০২:২৯ অপরাহ্ণ


বিয়ের আগে ক্রিকেট নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের ওপেনার

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট থেকে বিরতিতে নিয়েছেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব। এমন খবর জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জাং নিউজ। ইতোমধ্যে বাঁহাতি ব্যাটার জাতীয় দলের নির্বাচক আকিব জাভেদকে জানিয়ে দিয়েছেন, মাঠে ফেরার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত নন। আগামী ডিসেম্বরে এই ২৪ বছর বয়সী ক্রিকেটারের বিয়ের পিঁড়িতে বসার কথা।

চলতি বছর পাকিস্তানের জার্সিতে রান করতে হিমশিম খেতে হয়েছে এই তরুণ ব্যাটারকে। ঘরোয়া ম্যাচ খেলে আত্মবিশ্বাস ফিরে পেতে সপ্তাহখানেক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেন সাইম। কিন্তু তারপর কায়েদ-ই-আজম ট্রফির টানা তিনটি ম্যাচে খেলেননি।

ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ চার ইনিংসে সাইমের মোট রান ২৯। এই সময়ে একবারও দুই অঙ্কের ঘরে যেতে পারেননি তিনি। গত ২৫ অক্টোবর লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের এক উইকেটে জয়ের পর সাদা বলের প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে তার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি কোচকে বলেছিলেন, ব্যাটিং নিয়ে কাজ করতে ও আত্মবিশ্বাস অর্জনের জন্য স্কোয়াড ছেড়ে ঘরোয়া ক্রিকেটে খেলতে চান। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচের আগে তার ‘নিজের বর্তমান ফর্ম নিয়ে সৎ মূল্যায়নের’ প্রশংসা করে তাকে ছেড়েও দেয় পিসিবি।

কিন্তু জাতীয় দলের স্কোয়াড ছাড়ার পর ঘরোয়া ক্রিকেটে দেখা যায়নি সাইমকে। তাৎক্ষণিকভাবে সামনে থাকা প্রেসিডেন্টস ট্রফির ফাইনালে খেলা হয়নি। তবে কায়েদ-ই-আজম ট্রফিতে খেলার সুযোগ থাকলেও টানা তিনটি রাউন্ডে দেখাই যায়নি তাকে। এরপর আকিব জাভেদকে তিনি জানিয়ে দেন, খেলার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত নয়। চলতি বছর ১৯টি আন্তর্জাতিক ম্যাচে ১৬.৫৫ গড়ে রান, হাফ সেঞ্চুরি মাত্র একটি!

টেস্টেও একই দশা সাইমের। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজ মিস করার পর ইংল্যান্ডের বিপক্ষে সেপ্টেম্বরে তৃতীয় টেস্টের আগে তাকে সিপিএল থেকে ফিরিয়ে আনা হয়। জ্যামাইকা কিংসম্যানের হয়ে দুর্দান্ত খেলতে থাকা এই ব্যাটার বার্মিংহামে দুটি ইনিংসেই ডাক মারেন।

সব মিলিয়ে ৯ টেস্ট খেলে তিন হাফ সেঞ্চুরিতে ২২.৭৫ গড় ও ৫৪.৪৯ স্ট্রাইক রেটে ৩৬৪ রান সাইমের, নেই কোনো সেঞ্চুরি। ছয়টি বোলিং ইনিংসে চার উইকেটও নিয়েছৈন তিনি। ২০২৪ সালে পাকিস্তানে পাঁচটি হোম টেস্ট খেলে ২৯ গড়ে ২৯০ রান করলেও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে চার অ্যাওয়ে টেস্টে মাত্র ৭৪ রান! এর মধ্যে তিনটি ডাক! লাল বলের ক্রিকেটে নিজেকে চেনাতে তো পারেনইনি, এই বছর সাদা বলেও ফর্মে ভাটা পড়েছে। আত্মবিশ্বাস অর্জনের জন্য ঘরোয়া ক্রিকেট খেলার প্রস্তুতি নিলেও সরে দাঁড়িয়েছেন। দুঃসময় কাটিয়ে কবে ফিরবেন সাইম, তা বলে দেবে সময়।

aliul / aliul

Link Copied