
‘ব্যাটম্যান’ থেকে ‘জেমস বন্ড’ হওয়া প্যাটিনসনকে নিয়ে রসিকতা!
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০২:৩৩ অপরাহ্ণ

ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ডের চরিত্রে দেখা যাবে হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসনকে। এর আগে পর্দায় ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেছেন তিনি। নতুন এই চরিত্রে তার নাম ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে একই অভিনেতার ব্যাটম্যান ও জেমস বন্ড হওয়ার বিষয়টি নিয়ে মজার মজার মন্তব্য করছেন নেটিজেনরা।
এ ঘোষণার পরপরই সামাজিক মাধ্যম এক্সে প্যাটিনসনকে নিয়ে দর্শকদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার নতুন চরিত্রে অভিনয়ের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, কেউ আবার ব্যাটম্যানের সঙ্গে জেমস বন্ডের তুলনা টেনে মজা করেছেন।
একজন লিখেছেন, ‘ব্যাটম্যানই এখন জেমস বন্ড।’ আরেকজনের মন্তব্য, ‘রাতে ব্যাটম্যান, দিনে জেমস বন্ড। রবার্ট প্যাটিনসনের ক্যারিয়ার দারুণ জায়গায় পৌঁছেছে। যদিও জেমস বন্ড চরিত্রে ইদ্রিস এলবাকে দেখার ইচ্ছা ছিল। আমার মনে হয়, তিনি চরিত্রটিতে অসাধারণ অভিনয় করতেন।’
আরেক নেটিজেন লিখেছেন, ‘লোকটি আক্ষরিক অর্থেই ব্যাটম্যান এবং জেমস বন্ড—দুটোই।’ কেউ কেউ আবার তাকে একই প্রজন্মের ব্যাটম্যান ও জেমস বন্ড হিসেবে দীর্ঘদিন মনে রাখা হবে বলেও মন্তব্য করেছেন। একজন ভক্তের কথায়, ‘রবার্ট প্যাটিনসন এখন আনুষ্ঠানিকভাবেই সবচেয়ে দুর্দান্ত অভিনেতা। কারণ, তিনি একই সঙ্গে ব্যাটম্যান ও জেমস বন্ড।’
রবার্ট প্যাটিনসনের আগে ইয়ন প্রোডাকশনের নির্মিত জেমস বন্ড সিরিজে ছয়জন অভিনেতা এই চরিত্রে অভিনয় করেছেন। ১৯৬২ সালে প্রথম জেমস বন্ড হিসেবে পর্দায় আসেন শন কনারি। ১৯৭১ সাল পর্যন্ত এ চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ১৯৬৯ সালে এক সিনেমায় জেমস বন্ড হয়েছিলেন জর্জ ল্যাজেনবি।
১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত এই চরিত্রে ছিলেন রজার মুর। এরপর ১৯৮৭ থেকে ১৯৮৯ সালের মধ্যে দুটি সিনেমায় জেমস বন্ড হন টিমোথি ডাল্টন। ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত চারটি সিনেমায় অভিনয় করেন পিয়ার্স ব্রসনান। সর্বশেষ ২০০৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচটি সিনেমায় জেমস বন্ড চরিত্রে দেখা গেছে ড্যানিয়েল ক্রেইগকে। ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে শুরু করে ‘নো টাইম টু ডাই’ দিয়ে এ চরিত্রে তার যাত্রা শেষ হয়।
প্যাটিনসনের নাম ঘোষণার আগে পরবর্তী জেমস বন্ড কে হবেন, তা নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছিল। সম্ভাব্য তালিকায় ছিলেন বেশ কয়েকজন অভিনেতা। তাদের মধ্যে জ্যাকব এলর্ডি ও জ্যাক লোডেনের নাম উঠে এসেছিল। ভক্তদের পছন্দের তালিকায় জনপ্রিয় ছিলেন ক্যালাম টার্নারও। তাকেই পরবর্তী জেমস বন্ড হিসেবে দেখা যেতে পারে বলে জোর আলোচনা ছিল।






















